বেসিক ব্যাংকের ডিএমডি মোনায়েম চাকরিচ্যুত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে বেসিক ব্যাংকে যোগ দেওয়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মোনায়েম খান চাকরিচ্যুত হয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়ার আড়াই বছর পর গতকাল সোমবার বেসিক ব্যাংকের এক আদেশে চাকরিচ্যুত করা হয়। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর নিকটাত্মীয় হওয়ার সুবাদে দ্রুতই পদোন্নতি পেয়ে অনিয়মে জড়িয়ে পড়েছিলেন মোনায়েম খান।
এ বিষয়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ প্রথম আলোকে বলেন, সব ধরনের প্রক্রিয়া শেষে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। সময় হলে আইনি পদক্ষেপের দিকেও যাবে ব্যাংক।
জানা গেছে, বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা অনিয়মের ঘটনার পর ডিএমডি মোনায়েম খানকে রাজশাহী অঞ্চলের ঋণ আদায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৪ সালের ১৬ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় মোনায়েম খানসহ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আবদুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কাজী ফখরুল ইসলাম। তাঁদের দায় থেকে আড়াল করতেই সাময়িক বরখাস্ত করা হয় বলে অভিযোগ রয়েছে।
চেয়ারম্যান-এমডি পরিবর্তন হলে মোনায়েম খানকে শুনানির জন্য ডাকে ব্যাংক কর্তৃপক্ষ। তবে প্রথম দফায় সাড়া দিলেও পরে আর ব্যাংকের শুনানিতে অংশ নেননি তিনি। এরপর কয়েক দফায় চিঠি চালাচালির পর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। তিনি ব্যাংক থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৩৫টি মামলায় আসামি মোনায়েম খান। এ ছাড়াও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মোনায়েম খান ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। মোনায়েম খানের বিরুদ্ধে করা দুটি মামলার একটি অর্থ পাচার আইনে।