বেসিক ব্যাংকের তিন ডিএমডি ও এক জিএম বরখাস্ত
বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও একজন মহাব্যবস্থাপককে (জিএম) বরখাস্ত করেছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ডিএমডি তিনজন হলেন ফজলুস সোবাহান, রুহুল আলম ও মো. সেলিম। মহাব্যবস্থাপকের নাম মাহবুবুল আলম।
গত মঙ্গলবার ব্যাংকের ৩৭২তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর গতকাল বুধবার চিঠি দিয়ে বিষয়টি তাঁদের জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মো. ইকবাল।
বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, পর্ষদ সভায় তাঁদের বিরুদ্ধে ব্যাংকের নিয়মবিধি ভঙ্গ করে ৪৯ লাখ ৪০ হাজার টাকা আইনি খরচ করার অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, ব্যাংকের দুজন কর্মকর্তা বিধিবহির্ভূতভাবে পদোন্নতি পেয়েছিলেন, তার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন অন্য দুজন কর্মকর্তা। এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যাংক থেকে আইনি খরচের বিল অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে তাঁরা জড়িত। বেসিক ব্যাংকের চাকরি বিধিমালা অনুযায়ী এই বিল অনুমোদনকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ উল্লেখ করে পর্ষদ তাই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
শুধু ৪৯ লাখ ৪০ হাজার টাকা আইনি খরচের বিল অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার কারণেই তাঁদের বরখাস্ত করা হলো, না আরও কারণ আছে—জানতে চাইলে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শুধু এটুকু বলতে পারি যে, এটা পর্ষদের সিদ্ধান্ত।’