ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে বেসিক ব্যাংকের দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেফার আহমেদ ও ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একই শাখার উপব্যবস্থাপক জাহিদ হোসেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৪ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ দুই কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে। বেসিক ব্যাংকে অন্তত পাঁচ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি ও অনিয়ম হয়েছে গত প্রায় চার বছরে। এসব তথ্য উদ্ঘাটনের পর এই প্রথম দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগরসহ কয়েকটি শাখায় ঋণ কেলেঙ্কারি ও অনিয়মের তথ্যগুলো উঠে আসে। এসব অনিয়মের অনেক ক্ষেত্রেই সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর সংশ্লিষ্টতার অভিযোগ আছে। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে গত বছরের ৪ জুলাই পর্যন্ত আবদুল হাই ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় সাবেক ব্যাংকার আলাউদ্দিন এ মজিদকে।