বেসিক ব্যাংকের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ
রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে ঋণ বিতরণ বা নিয়োগ-পদোন্নতিতে আর যেন কোনো অনিয়ম না হয় সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহানের সঙ্গে গতকাল এক বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিতে বলা হয়েছে। আগে বিতরণ হওয়া ঋণ কোথায় গেছে, যাঁদের ঋণ দেওয়া হয়েছে তাঁদের অস্তিত্ব আছে কি না তা নিরীক্ষা করতে হবে। এ জন্য পরিচালনা পর্ষদের অডিট কমিটির উদ্যোগে এক কোটি টাকার বেশি বিতরণ করা সব ঋণের নিরীক্ষা কার্যক্রম শেষ করে সেসব তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।
বেসিক ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত এমওইউ শিথিল করার অনুরোধ জানানো হয়েছে।
মনিরুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সব পরিদর্শন প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। শিগগিরই আরও একটি প্রতিবেদন পাঠানো হবে। কারও বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেই। দুদক চাইলে চেয়ারম্যান, এমডি যে-ই হোক তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারে।
ফজলুস সোবহান বলেন, ব্যাংকটি আবার ভালো অবস্থানে নিতে তাঁদের নতুন চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছে।