বেসিকে কাল নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে আগামীকাল রোববার নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই। গতকাল শুক্রবার অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আজ বেলা পৌনে তিনটার দিকে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (শেখ আবদুল হাই) পদত্যাগ করেছেন। আগামীকাল রোববার বেসিক ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। পর্ষদও ঢেলে সাজানো হবে। আর্থিক কেলেঙ্কারির সব বিষয়ে তদন্ত করা হবে। অনিয়ম ও দুর্নীতির জন্য যাঁরা দায়ী তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ দুপুরে অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছিল অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র।


২০০৯ সালে সেপ্টেম্বরে শেখ আবদুল হাইকে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে তাঁর নিয়োগ নবায়ন করা হয়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ব্যাংকটিতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ারম্যানসহ বিভিন্নজনের বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।

আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করলেও সরকার তা করেনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে পর্ষদ ভেঙে না দিয়ে, বরং চেয়ারম্যানকে পদত্যাগ করার কথা বলা হচ্ছিল। আর সেই কারণেই গতকাল তিনি পদত্যাগ করেন।