বেসিকের বিতর্কিত পর্ষদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকে রাখা জনগণের আমানত সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের মূল দায় যাঁর ঘাড়ে, ব্যাংকটির সেই অভিযুক্ত চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর পদত্যাগপত্র সাধারণভাবেই গ্রহণ করেছে সরকার। তাঁর পদত্যাগের দুই দিনের মাথায় সরকার ব্যাংকের গোটা পর্ষদও অবশ্য বাতিল করে দিয়েছে।

ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে। তিনি ১৯৯৬-২০০১ সময়ে বেসিক ব্যাংকেরই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল রোববার পর্ষদ বাতিল ও নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। আর বিদায়ী চেয়ারম্যানের পদত্যাগপত্রটি সরকার গ্রহণ করেছে বলে তাঁকে এবং বাংলাদেশ ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল সাংবাদিকদের জানান, বেসিক ব্যাংকে আরও ছয়জন পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়কে দুজন প্রতিনিধি দিতে বলা হয়েছে। অন্য চারজনের নামের প্রস্তাব অনাপত্তিপত্রের জন্য পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে।

সূত্র জানায়, এই চারজন হচ্ছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান, হাউস বিল্ডিং অ্যান্ড ফিন্যান্স করপোরেশনের সাবেক এমডি রায়হানা আনিসা ইউসুফ, হিসাববিদ (সিএ) হাসান মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মুজিবউদ্দিন আহমেদ।

গত শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে শেখ আবদুল হাই পদত্যাগ করলেও পদত্যাগপত্রে তিনি তারিখ দেখিয়েছেন ২ জুলাই। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পর্ষদ বাতিল হলে আবদুল হাই এমনিতেই চেয়ারম্যান থাকতে পারতেন না। তাঁকে পদত্যাগের সুযোগ করে দিয়েছে সরকার।

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা নানা কৌশলে আত্মসাৎ​ করেছে শেখ আবদুল হাইয়ের নেতৃত্বাধীন একটি চক্র। এ ঘটনায় রহস্যজনক কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। গত শনিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, শেখ আবদুল হাইকে সরিয়ে না দিয়ে পদত্যাগের সুযোগ করে দেওয়াটা অনৈতিক হয়েছে।

বেসিক ব্যাংকের পর্ষদ বাতিলের বিষয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৬(৬)-এর অধীনে বাংলাদেশ ব্যাংক যে প্রতিবেদন দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে, সেটি আমলে নেওয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আলাউদ্দিন এ মজিদকে নিয়োগ দেওয়া হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। পর্ষদের বাকি সদস্যের অবশ্য তিন বছরের জন্যই নিয়োগ দিয়ে আজ সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সদ্য বিদায়ী চেয়ারম্যান শেখ আবদুল হাইয়ের নেতৃত্বাধীন পর্ষদ ছিল বেসিক ব্যাংকের অপসারিত এমডিসহ ১১ সদস্যের। এ কে এম রেজাউর রহমান নামের একজন পরিচালক ব্যাংকের দুর্নীতির চিত্র তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠালে ব্যাংকে তাঁকে কোণঠাসা করে রাখা হয়েছিল। সরকার পরে তাঁকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ করে।

অন্যরা হলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন্নাহার আহমেদ, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশিস বসু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক বেগম নীলুফার আহমেদ, বিসিকের চেয়ারম্যান (পদাধিকারবলে), দুই হিসাববিদ এ কে এম কামরুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম এবং আনিস আহমেদ নামের এক ব্যবসায়ী।

জানতে চাইলে শুভাশিস বসু গতকাল প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের শেখ আবদুল হাইয়ের নেতৃত্বাধীন পর্ষদে অনেক প্রস্তাবই উত্থাপিত হতো না। অন্যভাবে তা পাস করিয়ে নেওয়া হতো। সেই কারণে তিনি ও তাঁর মতো সরকারি পরিচালকেরা কোনো ভূমিকা রাখতে পারতেন না।

তাহলে পদত্যাগ করলেন না কেন—জানতে চাইলে শুভাশিস বসু বলেন, ‘সরকারের প্রতিনিধি হিসেবে পর্ষদ থেকে পদত্যাগ করাটা মুশকিল।’

বেসিকসহ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতি রোধে ভবিষ্যৎ​ করণীয় কী—জানতে চাইলে সচিব আসলাম আলম বলেন, ‘সব ব্যাংকের সঙ্গেই আমরা পারফরম্যান্স চুক্তি করার কথা ভাবছি। পর্ষদ যা খুশি তা করে বেড়াবে, এমনটি করতে দেওয়া হবে না। কিছু শর্ত থাকবে, যা অর্জন করতে হবে তাদের।’

এত দিন পর্ষদগুলো অতটা জবাবদিহির মধ্যে ছিল না উল্লেখ করে সচিব বলেন, ‘বেসিক ব্যাংক দিয়েই চুক্তি শুরু হবে। ব্যাংকের পক্ষে চুক্তি হবে মূলত চেয়ারম্যান ও এমডির সঙ্গে।’

আত্মসাৎ​কৃত অর্থ উদ্ধারের বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ব্যাংকিং আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে। কারণ, এই অর্থ জনগণের।