বেস্ট এয়ারের ইঞ্জিন নিয়ে বিসমিল্লাহ কার্গোর ব্যবসা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠান বেস্ট এভিয়েশন লিমিটেডের একটি কার্গো বিমানের ইঞ্জিন খুলে নিয়ে তা ব্যবহার করা হচ্ছে বিসমিল্লাহ এয়ারলাইনসের কার্গো বিমানে। এই বিমানে এখন কক্সবাজার থেকে যশোরে চিংড়িপোনা বহন করা হচ্ছে। জানা গেছে, চিংড়িপোনা নিয়ে বিসমিল্লাহর কার্গো বিমানটি কক্সবাজার থেকে যশোরে একবার যাতায়াত করলেই ১০ থেকে ১২ লাখ টাকা ভাড়া পায়। প্রতিদিন অন্তত দুবার বিমানটি যশোর আসা-যাওয়া করে ২০ থেকে ২৪ লাখ টাকা আয় করে। কক্সবাজার বিমানবন্দরে গিয়ে দেখা গেছে, রানওয়ের পূর্ব পাশে (ফটকের দক্ষিণে) বেস্ট এয়ারের কার্গো বিমানটি পড়ে রয়েছে। বিমানের সামনের অংশ কালো কাপড় দিয়ে ঢাকা। তিনটি চাকা প্রায় বসে গেছে। যে ইঞ্জিনটি বিসমিল্লাহকে দেওয়া হয়েছে, সেটির দাম প্রায় তিন কোটি টাকা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিমানবন্দরের একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে বেস্ট এয়ারের কার্গো বিমানটি কক্সবাজার থেকে যশোরে চিংড়িপোনা পরিবহনে যুক্ত হয়। এর পাঁচ মাস পর আদালতের নিষেধাজ্ঞার কারণে বিমানটির পোনা পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার লুৎফুর রহমান জানান, ডেসটিনি তথা বেস্ট এভিয়েশনের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম সেলিমের তত্ত্বাবধানে গত বছরের ১২ নভেম্বর ইঞ্জিনটি বিসমিল্লাহ কার্গোকে হস্তান্তর করা হয়। এরপর বিসমিল্লাহর নষ্ট (অচল) ইঞ্জিন বেস্ট এভিয়েশন কার্গোতে যুক্ত করার সময়ে বাধা দেওয়া হলে তিনি থেমে যান। বর্তমানে বিসমিল্লাহর নষ্ট ইঞ্জিনটি বিমানবন্দরের এক পাশে পড়ে আছে। এস এম সেলিম নিরাপত্তাকর্মীদের চাপে বিমানবন্দরের সিকিউরিটি লগ খাতায় লেখেন যে সিভিল এভিয়েশনের অনুমতি সাপেক্ষে বেস্ট এভিয়েশনের একটি ইঞ্জিন বিসমিল্লাহ এয়ারলাইনসের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে ইঞ্জিনটি হস্তান্তরে ৫০ লাখ টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে এস এম সেলিম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ভাড়া অথবা ঘুষের বিনিময়ে নয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ইঞ্জিনটি বিসমিল্লাহ এয়ারলাইনসকে সরবরাহ করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাসান জহির প্রথম আলোকে জানান, ডেসটিনির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে বেস্ট এয়ারের কার্গো বিমানের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে কি না, তা তাঁর জানা নেই। তবে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে ইঞ্জিনটি পাল্টানো হয়েছে। কিন্তু একাধিক সূত্র দাবি করেছে, সরকারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেসটিনির বিমান বা এর ইঞ্জিনের ওপর কারও হাত দেওয়ার অধিকার নেই। যোগাযোগ করা হলে বিসমিল্লাহ এয়ার কার্গোর কক্সবাজারের পরিচালক মো. আলমগীর স্বীকার করেন যে বেস্ট এভিয়েশনের ইঞ্জিনটি তাঁদের কার্গো বিমানে যুক্ত করা হয়েছে। বিমানটি এখন যশোরে পোনা পরিবহন করছে। তবে ইঞ্জিন বদলের কারণ তাঁর জানা নেই বলে উল্লেখ করেন।বিসমিল্লাহ এয়ারলাইনসের পরিচালক কাজী ইশতিয়াক বলেন, ‘ডেসটিনির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এর অঙ্গসংগঠন বেস্ট এভিয়েশনের বিরুদ্ধে নেই। আমরা তাঁদের কাছ থেকে ইঞ্জিনটি ভাড়া নিয়েছি। এতে সিভিল এভিয়েশনের অনুমতিও রয়েছে।’ কিন্তু কত টাকায় এবং কত সময়ের জন্য ইঞ্জিনটি ভাড়া নেওয়া হয়েছে, তা জানাতে তিনি রাজি হননি।