বেহাল বিবিরবাজার, রপ্তানি নেমেছে অর্ধেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে জরাজীর্ণ কাস্টমস কার্যালয়ে স্টিলের ​তিনটি পুরোনো আলমারি ভরে যাওয়ায় এখন এভাবেই এখানে–ওখানে ফেলে রাখা হচ্ছে মূল্যবান কাগজপত্র। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে জরাজীর্ণ কাস্টমস কার্যালয়ে স্টিলের ​তিনটি পুরোনো আলমারি ভরে যাওয়ায় এখন এভাবেই এখানে–ওখানে ফেলে রাখা হচ্ছে মূল্যবান কাগজপত্র। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কুমিল্লা শহর থেকে ছয় কিলোমিটার দূরে বিবিরবাজার স্থলবন্দর শুল্ক স্টেশন। স্টেশন বলতে তিন কক্ষের প্রায় ন্যুব্জ একটি একতলা দালান। দেয়ালের পলেস্তারা খসা, জানালা ভাঙা। বৃষ্টি এলে ছাদ চুইয়ে পানি পড়ে। দুটি কক্ষে চেয়ার-টেবিল পেতে কর্মকর্তারা কোনোমতে বসতে পারলেও বাকি কক্ষটি পরিত্যক্ত। পুরোনো কাগজের স্তূপ পড়ে আছে। সামনে এনবিআরের বাহারি পোস্টার না দেখলে চেনা যেত না, এটি ডিজিটাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর।
গেল বৃহস্পতিবার বিকেলে আমরা যখন বিবিরবাজার স্থলবন্দরে গিয়ে পৌঁছাই, তখন সীমান্তের ওপারে ভারতের সোনামুড়া বন্দরে মালামাল খালাস করে বাংলাদেশি ট্রাকগুলো ফিরছিল। সকালে এগুলো ওপারে গিয়েছিল। অফিসে মাত্র একজন কর্মকর্তাকে খুঁজে পেলাম। উপপরিদর্শক মোহাম্মদ খলিলুর রহমান। প্রয়োজনীয় কাগজপত্রে সই দেওয়ার ফাঁকে ফাঁকে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত বিবিরবাজার স্থলবন্দর ও শুল্ক অফিসটির অবকাঠামো বলতে কয়েকটি ভাঙাচোরা ঘর। শুল্ক অফিসের দেয়ালে টানানো ‘হাতে হাত ধরি, মূসক দিয়ে দেশ গড়ি’ প্রচারপত্রের সঙ্গে বড্ড বেমানান। এখানে পণ্যের পাশাপাশি যাত্রীদের রেকর্ডও রাখা হয় কাগজে-কলমে। এনবিআর থেকে একটি কম্পিউটার দেওয়া হলেও প্রিন্টার নেই। ব্যাংকের কোনো শাখা নেই। ভ্রমণ কর জমা দিতে যেতে হয় কুমিল্লায়। কিন্তু ওপারে সোনামুড়া স্থলবন্দরটি স্বয়ংসম্পূর্ণ। এপার থেকেও সুউচ্চ ও নতুন ভবনগুলো চোখে পড়ে। তখন মনে হয়, আসলে আমরা নিজেদের যতটা উন্নত দাবি করি, ততটা উন্নত নই।
শুল্ক অফিসের ভগ্নদশার সঙ্গে পাল্লা দিয়ে বিবিরবাজার স্থলবন্দরের আয়ও কমে যাচ্ছে। এক বছরের ব্যবধানে অর্ধেকের নিচে নেমে এসেছে। ২০১৪-১৫ অর্থবছরে এই স্থলবন্দর দিয়ে যেখানে ৪৫ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার পণ্য রপ্তানি হয়েছে, সেখানে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি হয়েছে মাত্র ২৪ কোটি ৪৮ লাখ টাকার পণ্য। বিপরীতে ২০১৪-১৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ৩৮ লাখ ৫৬ হাজার টাকার পণ্য।
এই স্থলবন্দর দিয়ে ভারতে যায় প্রধানত পাথর ও সিমেন্ট। এ ছাড়া যায় কাপড় ধোয়ার সাবান, প্লাস্টিকসামগ্রী, চিটা গুড়, মশারির কাপড়, স্টিলের রড ইত্যাদি। ভারত থেকে আসে কাঁচা চামড়া, মসলা, আদা ইত্যাদি। তবে এখান থেকে ভারতে যেসব পাথর রপ্তানি হয়, তা বাংলাদেশে তৈরি নয়। এর একটি অংশ আসে মেঘালয় থেকে বরাক নদ দিয়ে প্রাকৃতিকভাবে, আরেকটি অংশ ভারত থেকেই আমদানি করে ফের ভারতে রপ্তানি করা হয়। এসব পাথর মেঘালয় থেকে ভারতের ত্রিপুরায় পাঠানো যেমন ব্যয়বহুল তেমনি সময়ও লাগে বেশি। এ কারণেই ভারত তার নিজের পাথর বাংলাদেশে পাঠিয়ে ফের আমদানি করে।
৬২ বছর আগে বিবিরবাজার স্থলবন্দরটি চালু হলেও এর অবকাঠামোর উন্নয়ন হয়নি। ইমিগ্রেশন অফিসটি মোটামুটি চলনসই হলেও শুল্ক দপ্তরটি মাথার ওপর ছাদ পড়ো পড়ো অবস্থা। লোকবলও প্রয়োজনের তুলনায় কম। এখানে একজন তত্ত্বাবধায়ক, দুজন পরিদর্শক, দুজন উপপরিদর্শক ও দুজন সিপাহি থাকার কথা থাকলেও আছেন দুজন পরিদর্শক, দুজন উপপরিদর্শক ও একজন সিপাহি। এ ছাড়া কুমিল্লা সদরের একজন শুল্ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাঝেমধ্যে এখানে আসেন।
চলতি অর্থবছরে রপ্তানি কমে যাওয়ার কারণ জানতে চাইলে খলিলুর রহমান জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি করার পণ্যের দামও বেড়ে গেছে। এ কারণে তারা আমদানি কমিয়ে দিতে পারে। বর্তমানে ভারতে ডলারের বিনিময়মূল্য ৭০ রুপি। বাংলাদেশে ৭৯ টাকা।
কুমিল্লার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার আনোয়ার হোসাইন বলেন, ‘ভারতে আমদানির চাহিদা কম থাকার কারণে হয়তো এ অবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরের বেহাল অবস্থা সম্পর্কে তিনি বলেন, বিবিরবাজারসহ এ অঞ্চলের তিনটি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিবিরবাজার স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াত কেমন জানতে চাইলে এই কর্মকর্তা জানান, গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ জন আসা-যাওয়া করেন। তবে উৎসব-পার্বণ বা ইজতেমার সময় যাত্রী বাড়ে। কিন্তু স্থলবন্দরটিতে যাত্রীদের বিশ্রাম নেওয়া বা বসার জায়গা নেই।
আমরা যখন শুল্ক অফিসে বসে কথা বলছিলাম, তখন দেখলাম একজন যাত্রী ওপার থেকে আসছেন, আরেকজন এপার থেকে যাচ্ছেন। বহির্গামী যাত্রী জানালেন, আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আগত যাত্রীও বললেন, ওপারে তাঁর বোন থাকেন, তাঁকে দেখতে গিয়েছিলেন। মানুষে-মানুষে এই আত্মীয়তা যদি রাষ্ট্রকে স্পর্শ করত, তাহলে অনেক সমস্যারই দ্রুত সমাধান হতো।