বোচাগঞ্জে কিষান কিষানি সমাবেশে ৩৫টি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩৫টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক গতকাল বুধবার ৩৫৩ জন কিষান ও কিষানির মধ্যে তিন কোটি ৬৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। উপজেলার সেতাবগঞ্জ বড় মাঠে সমাবেশ আয়োজন করে প্রকাশ্যে এই ঋণ দেওয়া হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মণ্ডল, বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মণ্ডল, বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল খায়রুম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল হান্নান, রংপুরের মনোহর আইসিএম কৃষক ক্লাবের সভাপতি তহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম। এতে আরও বক্তব্য দেন কৃষক মুক্তার হোসেন ও কিষানি সানজিদা খাতুন। সমাবেশে এক হাজারের বেশি কিষান-কিষানি উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ বলেন, মহাজনি ব্যবসায়ের দিন শেষ। এখন ব্যাংকগুলোই কৃষকের কাছে এসে সহজ শর্তে ঋণ দেয়। এ জন্য কৃষককে ব্যাংকে যেতে বা জমি বন্ধক রাখতে হয় না। একই সঙ্গে তিনি ঋণ বিতরণ ও আদায়ে কিষান-কিষানিরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে জন্য ব্যাংকারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশ আয়োজনের পাশাপাশি ঋণ বিতরণকারী ৩৫টি বাণিজ্যিক ব্যাংক স্টল নিয়ে কিষান-কিষানিদের ঋণ নেওয়া ও পরিশোধের বিষয়ে ধারণা দেয়।