বেড়া-সাঁথিয়ায় ভালো দাম পাওয়ায় পাটচাষিরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পানির অভাবে পাট পচাতে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার কৃষকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁদের ঘরে পাট উঠেছে। আর বাজারে পাট প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।নতুন পাট ওঠায় সরকারি-বেসরকারি পাটকলগুলো তাদের বেড়া ক্রয়কেন্দ্রের মাধ্যমে ইতিমধ্যেই পাট কেনা শুরু করেছে। সরকারি পাটকলের ক্রয়কেন্দ্রগুলো এবার নগদ দামে পাট কিনতে শুরু করায় পাট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিলেও তাঁদের দাবি, দাম বেশি হওয়ায় তাঁরা লাভ করতে পাচ্ছেন না।সরেজমিনে বেড়া ও সাঁথিয়ার কয়েকটি হাট ঘুরে পাটের ব্যাপক সরবরাহ দেখা গেছে। এসব হাটে এক হাজার ৬০০ থেকে শুরু করে দুই হাজার টাকা দরে প্রতি মণ পাট বিক্রি হতে দেখা গেছে। কৃষকেরা জানিয়েছেন, এবার পাটের ফলন যেমন বেশি হয়েছে, তেমনি গতবারের চেয়ে এবার মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে পাট বিক্রি হচ্ছে। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, ‘অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ফলন যেমন বেড়েছে, তেমনি কৃষকেরা দামও পাচ্ছেন খুব ভালো। তাই এবার কৃষকদের কাছে পাট সত্যিকারের সোনালি আঁশ হয়ে দেখা দিয়েছে।’জানা গেছে, এবার বেড়া থেকে পাট কিনছে সরকারি পাটকল গুল আহমেদ জুট মিলস, লতিফ বাওয়ানি জুট মিলস ও বেসরকারি পাটকল জনতা জুট মিলস। সরকারি পাটকল দুটি মাস খানেক আগে পাট কেনা শুরু করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য পাট কিনতে পারেনি। গতকাল মঙ্গলবার পর্যন্ত গুল আহমেদ জুট মিলস ১২ হাজার মণ ও লতিফ বাওয়ানি জুট মিলস মাত্র চার হাজার মণ পাট কিনেছে। অপরদিকে বেসরকারি পাটকল জনতা জুট মিলস বেড়া ও কাশীনাথপুর ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট কিনেছে প্রায় এক লাখ ১০ হাজার মণ। গুল আহমেদ জুট মিলসের পাট ক্রয় কর্মকর্তা হোসেন আহম্মদ বলেন, ‘এবার আমরা ব্যবসায়ীদের কাছ থেকে নগদ দামে পাট কিনছি। আপাতত, গড়ে এক হাজার ৬৫০ টাকা মণ দরে পাট কিনছি। সরকারিভাবে আমাদের পাটের দর বেঁধে দেওয়ায় বেসরকারি মিলের চেয়ে আমরা কম পাট কিনতে পারছি। তবে এই মৌসুমে আমরা কমপক্ষে ৫০ হাজার মণ পাট কেনার লক্ষ্যমাত্রা করেছি।’ জনতা জুট মিলসের সহকারী পাট ক্রয় কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘আমরা ভালো মানের পাট ছাড়া কিনি না। এ জন্য দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকা মণ দরেও পাট কিনছি। আর ভালো মানের পাট পেলে আমরা বেড়া ও কাশীনাথপুর কেন্দ্রের মাধ্যমে আড়াই লাখ মণ বা তার চেয়েও বেশি পাট কিনব।’