বেড়ায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সেপ্টেম্বরে চালু হতে পারে
পাবনার বেড়া উপজেলায় ৭০ মেগাওয়াট উৎ পাদন-ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সব পক্ষ আশা করছে।জানা গেছে, ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র’ নামের এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৫৪২ কোটি টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ২০১০ সালের ৫ আগস্ট বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার পাম্পিং স্টেশনের পাশে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ৪৫০ দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা।তবে পিডিবির কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই পুরো নির্মাণকাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এদিকে এই বিদ্যুৎ কেন্দ্রে উৎ পাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হওয়ার কথা থাকলেও বেড়া, সাঁথিয়া, সুজানগর ও পাবনা সদর—এই চার উপজেলার স্থানীয় চাহিদা পূরণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছেন এলাকার জনগণ।