বেড়ে ওঠার পুষ্টি
ইসমত বলেন, বাচ্চার ইমিউনিটি ভালো রাখার জন্য বিভিন্ন রকমের ভিটামিন খুব প্রয়োজনীয় যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি ও জিংক। তাই তিনি প্রতিদিন তাঁর সন্তানকে বিভিন্ন রকমের ফল খেতে দেন। আর সঙ্গে অবশ্যই ভিটামিন সির ঘাটতি পূরণে লেবুর শরবত খেতে দেন। এর বাইরেও পুষ্টিকর খাবার যেমন শাকসবজি ও ডিম খেতে দেন বাচ্চাকে। যদিও বাচ্চারা সহজে ডিম খেতে চায় না। তাই ইসমত তাঁর বাচ্চাকে ডিমের সঙ্গে একটু পনির মিশিয়ে খাওয়ান।
এ ছাড়া করোনার এই সময়টায় যেহেতু বাচ্চারা বাড়ির বাইরে যেতে পারছে না, ঘরে বন্দী থেকে ওদেরও অবসাদগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ হিসেবে ইসমত বলেছেন, তিনি তার বাচ্চাকে ঘরের ছোট ছোট কাজে অংশগ্রহণ করাচ্ছেন। যেমন প্রতিদিন নিয়ম করে গাছে পানি দেওয়া, একসঙ্গে বসে পছন্দের খাবার যেমন পুডিং বা প্যান কেক বানানো, গান করা ইত্যাদি।
আর বর্তমানে বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চাকে পড়াশোনায় উৎসাহ দেওয়ার ব্যাপারে ইসমত বলেন, অনলাইনে স্কুল বা পড়াশোনা হচ্ছে তাই বাচ্চার সঙ্গে একসঙ্গে বসে হোমওয়ার্ক করা, গল্পের বই পড়া, বা পড়া বুঝতে কোনো সমস্যা হলে একসঙ্গে বসে সমাধান করা, এ রকমভাবে বাচ্চাকে সময় দিয়ে তার পড়াশোনায় উৎসাহ দিচ্ছেন।
একজন কর্মজীবী মা হিসেবে নিজের ক্যারিয়ার ও কাজের পাশাপাশি ঘর সামলে কীভাবে বাচ্চার খেয়াল রাখছেন ও সময় দিচ্ছেন, জানতে চাওয়া হলে ইসমত বলেন, তিনি নিজের কাজের সময়টাকে নিয়মের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছেন যেমন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, বাচ্চার সকালের খাবার তৈরি করে ফেলা যেন দিনের বেশির ভাগ সময়টা বাচ্চার সঙ্গে কাটানো যায়।
মায়েদের উদ্দেশে ইসমত বলেন, ‘সব ঝামেলার মধ্যেও বাচ্চারা যেন সুস্থভাবে বেড়ে ওঠে, ঘরে থেকেও যেন কর্মক্ষম থাকে, আর শক্তিশালী ইমিউন সিস্টেমের অধিকারী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।’