বেড়েছে ফ্রিজের বেচাকেনা

পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়া পশুর মাংস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় ফ্রিজে রেখে। যার ঘরে ফ্রিজ আছে, তিনি আরেকটি ডিপ ফ্রিজের চাহিদা অনুভব করেন। আর যার নেই তিনি কোরবানির আগে ফ্রিজের দোকানে ছোটেন। এসব কারণেই গত এক মাসে ফ্রিজের চাহিদা বেড়েছে, বেড়েছে বেচাকেনাও।
ফ্রিজের আমদানিকারক, দেশীয় প্রস্তুতকারক এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফ্রিজের বিক্রি ভালো। বরাবরের মতোই বেশি বিক্রি হচ্ছে ডিপ ফ্রিজ।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সারা বছর দেশে প্রায় ১১ লাখ ফ্রিজ বিক্রি হয়। এর প্রায় ৩০ শতাংশই বিক্রি হয় কোরবানির ঈদের আগে। অর্থাৎ কোরবানি সামনে রেখে তিন লাখের মতো ফ্রিজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা এবার ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তিন লাখ ২০ হাজার থেকে তিন লাখ ৩০ হাজার।
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, বিজয় সরণি, গুলশান ও কারওয়ানবাজারসহ বিভিন্ন স্থানের বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, ফ্রিজের কেনাবেচা এখন জমজমাট। বিক্রেতারা বলছেন, ঈদের চার-পাঁচ দিন আগে তা আরও জমবে।
ওয়ালটন, মার্সেল, ইকো প্লাস, যমুনা, মাইওয়ান, মিনিস্টারের মতো দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি হিটাচি, সিঙ্গার, এলজি, ওয়ার্লপুল, কংকা, অ্যারিস্টন, স্যামসাং, হায়েস, হায়ার, শার্পসহ আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজও বেশ বিক্রি হচ্ছে।
দেশে ১০০ লিটার ওজন থেকে ৪০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন পর্যন্ত ওজনের ফ্রিজ পাওয়া যায়। তবে বিক্রি বেশি হয় আট সিএফটি (১৩০ লিটার ধারণক্ষমতা) থেকে ১০ সিএফটি (১৮০ থেকে ১৯০ লিটার ধারণক্ষমতা) ফ্রিজ। এই ফ্রিজগুলো মধ্যম আয়ের মানুষের বেশি পছন্দ। ওয়ালটনের বিভিন্ন আকারের ফ্রিজ ২০ হাজার থেকে শুরু করে ৪০ হাজার, যমুনা ফ্রিজ ২৬ হাজার থেকে ৩৪ হাজার এবং বিদেশি বিভিন্ন মডেলের ফ্রিজ সর্বনিম্ন ২৫ হাজার থেকে দুই লাখ টাকায় বিক্রি হচ্ছে।
বিজয় সরণিতে এলজি-বাটারফ্লাইয়ের শোরুমে পর্যাপ্ত খালি জায়গা না থাকায় দোকানের সামনেই ফ্রিজ রেখে দেওয়া হয়েছে। বিক্রেতা জানালেন, ক্রেতাদের চাহিদা মেটাতে ফ্রিজের মজুত গড়ে তোলা হয়েছে। সব ফ্রিজ শোরুমে রাখাও যাচ্ছে না। ফ্রিজের প্রতি এবার ক্রেতাদের আগ্রহও ভালো।
এলজির পরিবেশক বাটারফ্লাইয়ের ব্যবস্থাপক (পণ্য) এ এস এম মুনতাসির চৌধুরী প্রথম আলোকে বলেন, বছরে তাঁদের ফ্রিজ বিক্রি হয় এক লাখের বেশি। এবারের কোরবানিতে তার ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তাঁরা। বিক্রিও ভালো।
কোরবানি উপলক্ষে স্টেডিয়াম মার্কেটের ওয়ালটনের বিক্রয়কেন্দ্র ৩০০টি ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক মো. আকাশ জানালেন, বেচাকেনা যেভাবে চলছে তাতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শুধু গত মঙ্গলবারই দুপুর পর্যন্ত ১৫টি ফ্রিজ-ডিপফ্রিজ বিক্রি হয়েছে বলে জানান তিনি।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম প্রথম আলোকে বলেন, ‘সারা বছর আমাদের আট লাখ ফ্রিজ বিক্রি হয়। কোরবানিতে দুই লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ঠিক করা হয়েছে। গতবারের বিক্রি ছিল দেড় লাখ।’ সারা দেশে তিন হাজারের বেশি বিক্রয়কেন্দ্রে তাঁদের ফ্রিজ বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ডিপ ফ্রিজ কিনতে মঙ্গলবার স্টেডিয়াম মার্কেটে আসেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। সিঙ্গাপুর ইলেকট্রনিকস নামের একটি শোরুম থেকে ৩৩ হাজার টাকায় কেনেন সাড়ে ১০ সিএফটির (১৯৩ লিটার ওজন ধারণক্ষম) একটি ডিপ ফ্রিজ। তবে দোকানটির বিক্রয় ব্যবস্থাপক মিল্টন মজুমদার জানালেন, তাঁদের ব্যবসা এবার ভালো না। কোরবানি ঈদের জন্য দোকানে এক হাজার ২০০টি ফ্রিজ ও ডিপ ফ্রিজ মজুত করেছেন। এখন পর্যন্ত কতটি বিক্রি হয়েছে জানতে চাইলে বললেন, ‘এখন পর্যন্ত ১০০ ফ্রিজও বিক্রি হয়নি। ঈদের আগে বিক্রি না বাড়লে খুব সমস্যায় পড়ব।’ জাপানের হিটাচিসহ পাঁচটি ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি হয় তাঁর শোরুমে।
ফ্রিজ বিক্রির অন্যতম প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস। নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক ছাড়াও স্যামসাং, হিটাচি এবং ওয়ার্লপুল ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করে প্রতিষ্ঠানটি। কারওয়ান বাজারের ট্রান্সকম শোরুমে কর্মরত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের সবগুলো ব্র্যান্ডের ফ্রিজই ভালো বিক্রি হচ্ছে। তবে ১৫০ থেকে ২০০ লিটার ওজন ধারণক্ষম ফ্রিজ ও ডিপ ফ্রিজের বিক্রি সবচেয়ে বেশি। একজন ক্রেতা সর্বনিম্ন ২১ হাজার টাকায় ট্রান্সকমের ফ্রিজ কিনতে পারবেন।
দেশীয় ফ্রিজ নির্মাতাদের সংগঠন বাংলাদেশ রেফ্রিজারেটরস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশে ১০ লাখ ৭৭ হাজার ফ্রিজ বিক্রি হয়েছে। এর মধ্যে দেশীয় উৎপাদকদের তৈরি ফ্রিজ বিক্রি হয়েছে আট লাখ ৩৭ হাজার। আমদানি করা ফ্রিজ বিক্রি হয়েছে দুই লাখ ৮০ হাজার। ২০১২-১৩ অর্থবছরে আমদানি করা ফ্রিজের বিক্রি ছিল তিন লাখ ১৭ হাজার, আর দেশীয় ফ্রিজের বিক্রি ছিল চার লাখ ৯৪ হাজার। এক বছরে দেশীয় ফ্রিজের বিক্রি বেড়েছে তিন লাখ ৭৭ হাজার।
বাজার আরও বাড়ত, যদি...: ফ্রিজের আমদানিকারক ও দেশীয় উৎপাদকেরা বলছেন, দেশের ফ্রিজের বাজার আরও বাড়ত যদি চড়া শুল্কে এসব ফ্রিজ তাঁদের আমদানি করতে না হতো। আবার সরকার যদি সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করতে পারত তাহলেও বাজার বাড়ত। কারণ, ফ্রিজের ব্যবহার পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে বলেন, ‘আগে আমরা আট সিএফটির একটি ফ্রিজ ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করতাম। এখন তা বিক্রি করতে হচ্ছে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। নতুন ক্রেতা গড়ে উঠবে কীভাবে?’
ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে, একটি ফ্রিজ আমদানি করতে ১০৮ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু দেশে ফ্রিজ তৈরি করলে শুল্ক দিতে হয় মাত্র ১৪ শতাংশ। আমদানি করা ও দেশে উৎপাদিত অন্য কোনো পণ্যে এত বেশি শুল্কবৈষম্য নেই। উচ্চশুল্কহারের কারণেই ফ্রিজের দাম বেশি রাখতে হয়।
দেশের ফ্রিজের বেচাকেনা শহর এলাকার চেয়ে মফস্বল এলাকায় বেশি হারে বাড়ছে বলে মন্তব্য করেন গৌরাঙ্গ দে। বলেন, মফস্বল এলাকায় যেখানে বিদ্যুৎ আছে সেখানে বাসাবাড়ি, হোটেল, চায়ের দোকানে ফ্রিজের ব্যবহার অনেক বেড়েছে।