ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বেড়েছে সাধারণ মূল্যসূচক, আর্থিক লেনেদন ও বাজারমূলধন। আজ ব্যাংক, জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের সবকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা যায়।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে দেখা যায়, তালিকাভুক্ত খাতগুলোর মধ্যে ব্যাংক খাতের ৩০টির মধ্যে সবকটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সবকটির ও টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়ে। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে তিনটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১২টির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৬টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে ১০টির, ইনস্যুরেন্স খাতের ৪৪টির মধ্যে ৩১টির, বিবিধ খাতের নয়টির মধ্যে পাঁচটির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৩টির, বস্ত্র খাতের ২২টির মধ্যে নয়টির ও মিউচুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ২১টির দাম বাড়ে। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২০৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৮১৬৮ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৬৮৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ২২৪ কোটি টাকা বেশি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, তিতাস গ্যাস, এনবিএল, ইউসিবিএল, গোল্ডেন সন, বেক্সিমকো, প্রাইম ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এবি ব্যাংক ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে গ্রামীণফোনের শেয়ারের। এ ছাড়া ওশান কনটেইনার্স, জেমিনি সি ফুড, বিডি ওয়েল্ডিং, বিএসসি, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রভাতী ইনস্যুরেন্স ও এনবিএল দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু স্টাফলার, ফার্মা এইড, ঢাকা ডাইং, জুট স্পিনার্স, ম্যাকসনস স্পিনিং, মারিকো বাংলাদেশ, গোল্ডেন সন, মুন্নু জুটেক্স ও দেশ গার্মেন্টস দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৫১ হাজার ২৪৮ কোটি টাকা।