বেড়েছে রসুন ও লবণের দাম, কমছে পেঁয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে নতুন করে বাড়তে শুরু করেছে রসুন ও লবণের দাম। এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। একই সময়ে খুচরা পর্যায়ে লবণের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। তবে কমে এসেছে পেঁয়াজের দাম। শীত মৌসুমের বিভিন্ন সবজিও আগের দামে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরের শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর আমদানি করা ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের রসুনের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্তর্জাতিক বাজারে রসুনের দাম কয়েক মাস ধরে বাড়তি থাকায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। বিশেষ করে চীনা রসুনের দাম অনেক দিন ধরে চড়া থাকায় লোকসানে পড়ার ভয়ে আমদানিকারকেরা আমদানি কমিয়ে দিয়েছেন। এ কারণে বাজারে রসুনের সরবরাহ কম, দামও বেশি।
রসুনের দামের ব্যাপারে জানতে চাইলে পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী রতন কুমার সাহা প্রথম আলোকে বলেন, বাজারে দেশি নতুন রসুনের সরবরাহ খুবই সীমিত, আবার গত বছরের পুরোনো রসুনের মজুতও প্রায় শেষের দিকে। একই সময়ে আন্তর্জাতিক বাজারেও রসুনের দাম বাড়তি। তবে দেশি নতুন রসুনের সরবরাহ বাড়লে আগামী দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসবে।
খুচরা বাজারে খোলা ও প্যাকেটজাত সব ধরনের লবণের দাম গত এক সপ্তাহে বেড়েছে। কারওয়ান বাজারে গতকাল এসিআই, মোল্লা, কনফিডেন্সসহ প্যাকেটজাত প্রতি কেজি লবণ বিক্রি হয়েছে ৩০ টাকায়, কিছুদিন আগেও এসব প্যাকেটজাত লবণ ২৫ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি আবদুল মোনাফ বলেন, ‘পাইকারিতে এখন প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ১০ টাকায়, যা মাস খানেক আগেও ছিল ৩০ টাকা। তাই এখন লবণের দাম বেশি হওয়ার কারণ নেই।’
এদিকে বিয়ে, বনভোজনের মতো উৎসব বেশি হওয়ার কারণে মুরগির দামও কিছুটা বাড়তি। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা দিন দশেক আগেও ছিল ১৩৫-১৪০ টাকা। একই সঙ্গে বেড়েছে মুরগির ডিমের দামও। গতকাল প্রতি হালি ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকায়, সপ্তাহ খানেক আগেও এর দাম ছিল ৩২ থেকে ৩৪ টাকা।
নতুন দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় এর দামও কমে এসেছে। দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজ এখন বাজারভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৮ টাকায়। শীতের অন্যান্য সবজির দামও আগের মতোই আছে। নতুন আলু ও টমেটো প্রকারভেদে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস আকারভেদে বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। কারওয়ান বাজারে একটু ঘুরে দামাদামি করলে ১৫ টাকাতেও পাওয়া যাবে কপি। কাঁচা মরিচ প্রতি কেজি ৪০ টাকা, শিম ১৫ থেকে ২০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত পটোল, করলা, উচ্ছে, চিচিঙ্গার দাম বেশ চড়া। কারওয়ান বাজারে এসব সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাছ ও মাংসের দামও আগের মতোই আছে। বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে।