বেড়েছে সূচক, কমেছে লেনদেন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের মধ্যে আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারে দিন শেষে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারেই।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ১৮ পয়েন্ট কমেছিল। এরপর সূচকের তির ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টির দাম বেড়েছে; কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫০ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, বিএসসিসিএল, ইউসিবিএল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং ও ইসলামী ব্যাংক।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২০ পয়েন্টে। সিএসইতে আজ ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দাম বেড়েছে; কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।