বৈচিত্র্য আসছে নারী উদ্যোক্তাদের মধ্যে
দেশের নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ার পাশাপাশি তাঁদের ব্যবসা-বিনিয়োগেও বৈচিত্র্য আসছে। হস্ত বা কুটিরশিল্পের পাশাপাশি তাঁরা কৃষিভিত্তিক ব্যবসা, হালকা প্রকৌশলশিল্পসহ বিভিন্ন সেবা খাত বেছে নিচ্ছেন।যদিও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ফাউন্ডেশনসহ উদ্যোক্তাদের নিয়ে কর্মরত সংস্থাগুলোর কাছে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা ও বিনিয়োগ সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে সংস্থা ও প্রতিষ্ঠানগুলো বলছে, নারী উদ্যোক্তার সংখ্যা আগের তুলনায় বেড়েছে।মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান বলেন, ‘ঘর থেকে কাজের জন্য নারীদের বের হওয়ার বাধা অনেকটাই দূর হয়ে গেছে। গাড়ির যন্ত্রপাতি তৈরি, সিল্ক ও রেশমশিল্প, হালকা প্রকৌশলসহ নতুন নতুন ক্ষেত্রে নারীরা কাজ করছেন। তবে এধরনের নারীর প্রকৃত সংখ্যা কত, তা জানার জন্য সার্বিক কোনো গবেষণা হয়নি। নারী উদ্যোক্তাদের মূল্যায়নের জন্য সংখ্যা জানাটা জরুরি।’অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী ১৯৭৪ সাল থেকে ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি বলেন, তখন হাতেগোনা ১০-১২ জন নারী উদ্যোক্তা খুঁজে পাওয়া যেত। বর্তমানে গ্রাম ও শহরে নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় তাঁদের জন্য সহায়তার পরিমাণ বাড়েনি।এসএমই ফাউন্ডেশনের সার্বিক ও আর্থিক সহায়তায় মাইডাসের ‘উইমেন এন্ট্রাপ্রেনিউরস ইন এসএমই: বাংলাদেশ পারস্পেক্টিভ’ শীর্ষক এক গবেষণা জরিপে ব্যবসা-বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্যের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এক হাজার ৩৫ জন নারী উদ্যোক্তার ওপর এই জরিপ চালানো হয়।জরিপের তথ্যানুসারে, ৪৮ শতাংশের বেশি নারী উদ্যোক্তা হাতের কাজ, টেইলারিং, ব্লক, বাটিক, ক্যাটারিং সার্ভিস, খাদ্য তৈরি, বিউটি পারলার, ফিটনেস ক্লাব, নির্মাণশিল্প, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংয়ের সঙ্গে জড়িত। ২৭ শতাংশ ডিজাইন, ১২ শতাংশের বেশি নিটওয়্যার ও পোশাকশিল্পের সঙ্গে জড়িত। ১০ শতাংশের বেশি কৃষিভিত্তিক ব্যবসা, ৬ শতাংশ ওষুধ প্রস্তুত ও প্রসাধন, ৩ শতাংশের বেশি সেবা ও রোগনির্ণয়-সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া সংখ্যায় কম হলেও শিক্ষাসংক্রান্ত সেবা, ইলেকট্রিকস, হালকা প্রকৌশলশিল্প, ধাতব ও চামড়াজাত পণ্য ব্যবসায় আছেন নারী।আবার অনেক নারী উদ্যোক্তা পরিবারের উৎসাহেই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারছেন। কাশেম ফাইবার গ্লাস অ্যান্ড কম্পোজিট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী এসএমই জাতীয় পুরস্কারপ্রাপ্ত রোকসানা আক্তারের ব্যবসার প্রতি উৎসাহ তৈরি হয় দাদা ও বাবার হাত ধরে। বিদেশে চাকরি ও পরিবারের সহায়তায়ই ৩০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি অন্য নারীদের এই কাজে প্রশিক্ষণ দিচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।নারী উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃতিও মিলছে। বাংলাদেশের আমিনা বেগম যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ইয়ুথ বিজনেস ইন্টারন্যাশনালের ‘এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন গত বছর। বিশ্বের ৩৮টি দেশে সংগঠন পরিচালিত কর্মসূচির আওতায় বাংলাদেশের আমির টেইলার্স অ্যান্ড বুটিকের স্বত্বাধিকারী আমিনা বেগম এই পুরস্কারের জন্য নির্বাচিত হন। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স ও ক্লাউট ওয়েবসাইট জগতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ জন উদ্যোক্তার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ১৬ নম্বরে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া আন্দালিব কাজী।ব্যবসার ক্ষেত্র ও পরিধি বেড়ে যাওয়ায় নারী উদ্যোক্তারা আগে যেখানে ৫০ হাজার টাকার বেশি ঋণ নিতে সাহসী হতেন না, এখন সেখানে কয়েক লাখ টাকার ঋণ পেয়েও বলছেন যে কম হয়ে যাচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রথম আলোকে বলেন, নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণখেলাপির সংখ্যা খুবই কম। নারী উদ্যোক্তাদের বিশেষভাবে সহায়তা দেওয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশ ব্যাংকেরও বিভিন্ন নির্দেশনা আছে।আতিউর রহমান আরও বলেন, ক্ষুদ্রঋণের নিম্নসীমা হ্রাস করে দুই লাখ টাকা থেকে কমিয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসএমই খাতের পুনরর্থায়ন দাবি নিষ্পত্তিকালে প্রতি ত্রৈমাসিকে মোট বিতরণকৃত ঋণের অত্যন্ত ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের না দিলে ব্যাংকগুলোকে পুনরর্থায়নের সুবিধা দেওয়া হচ্ছে না।বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পুনরর্থায়ন তহবিলের বিপরীতে নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত নিশ্চয়তাকে (গ্যারান্টি) জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ জামানত ছাড়া দেওয়া যায়। পুনরর্থায়ন স্কিমের মোট অর্থের ন্যূনতম ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ব্যাংক হারে গৃহীত পুনরর্থায়ন তহবিল গ্রাহক পর্যায়ে নারী উদ্যোক্তার ক্ষেত্রে ১০ শতাংশ সুদের হারে বিতরণ করা হয়। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নির্বাচিত শাখায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পরামর্শ ও সেবাকেন্দ্র স্থাপন, নারীদের সঙ্গে সেবাবান্ধব আচরণ করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রকৃত নারী উদ্যোক্তাদের চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয় নীতিমালায় বলা আছে।কোনো নারী যদি নিজ নামে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনায় থাকেন, তবে তাঁকে নারী উদ্যোক্তা বলা হয়। কোনো প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তার মালিকানার অংশ ৫০ শতাংশের বেশি হলে ওই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে বিশেষ সুবিধার আওতায় ঋণ দেওয়া হচ্ছে।ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিকুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, এই ব্যাংক জামালপুর শহরে সাড়ে চার শতাধিক নারী উদ্যোক্তাকে সূচিকর্মের ওপর ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নারীরা একক বা দলীয়ভাবে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই নারীদের নিয়ে ব্যাংকের সহায়তায় একটি সমিতি করে দেওয়া হয়েছে। রাজধানীতে পণ্য বিক্রির সুবিধা, অনলাইনে পণ্য বিক্রিতেও সহায়তা করছে। এ ছাড়া, এই ব্যাংক সিরাজগঞ্জের জরিপল্লিতে, রাজশাহীর বিভিন্ন ব্যবসায়, যশোরে সূচিকর্মে, সিলেটের কমলগঞ্জে আদিবাসী নারীদের জন্য ক্লাস্টারভিত্তিক ঋণের আওতায় এ পর্যন্ত প্রায় ৮০০ জন নারী উদ্যোক্তাকে ঋণ দিয়েছে। এভাবে নারী উদ্যোক্তাদের মধ্যে বৈচিত্র্য আনাকে সমর্থন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।