বৈচিত্র্য বাড়ছে প্লাস্টিক পণ্যে

বাণিজ্য মেলায় ঢুকলে কিংবা মেলা প্রাঙ্গণে কিছুক্ষণ ঘুরলেই চোখে পড়বে ক্রেতাদের প্রায় সবারই হাতে কিছু না কিছু প্লাস্টিক পণ্য। আর এসব পণ্যের ক্রেতাদের সিংহভাগই নারী। আকর্ষণীয় রং ও নকশার সঙ্গে দামও হাতের নাগালে থাকায় প্লাস্টিকের পণ্যের চাহিদা সব সময়ই বেশ ভালো।
বাণিজ্য মেলায় আরএফএল, বেঙ্গল, হ্যামকো, এনপলি, এসকয়ার, তানিনের মতো বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কিছু ছোট প্রতিষ্ঠানও নানা ধরনের প্লাস্টিক পণ্য নিয়ে এসেছে মেলায়। এসব পণ্যের বিক্রিও হচ্ছে বেশ।
মেলা প্রাঙ্গণ ঘুরে গতকাল বুধবারও প্লাস্টিক পণ্যের বিভিন্ন স্টলে ক্রেতাদের ভিড় চোখে পড়ে। তবে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বলছে, গতবারের চেয়ে বিক্রি কম।
প্লাস্টিক পণ্যের বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আরএফএল। মেলার সবচেয়ে বড় প্লাস্টিক স্টলটিও তাদের। বাণিজ্য মেলায় আরএফএলের প্লাস্টিক পণ্যের তিনটি স্টল রয়েছে।
আরএফএলের প্যাভিলিয়নের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, ১ হাজার ২০০-এর বেশি ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী মেলায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট, সোফা, ওয়ার্ডরোব, চেয়ার, পানির বোতলসহ হরেক রকমের পণ্য।
মেলা উপলক্ষে আরএফএলের এই প্যাভিলিয়নে আরও আছে পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ড্রিংকইট’। পানি বিশুদ্ধ করার এই যন্ত্র কেনার জন্য ক্রেতাদের দেওয়া হচ্ছে লটারির কুপন। মেলা উপলক্ষে ৪০০ থেকে ৬০০ টাকার প্লাস্টিক পণ্য কেনার জন্য বিশেষ মূল্য ছাড় দিচ্ছে তারা। এ ছাড়া সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ‘হ্যাপি আওয়ার’ সময়ের মধ্যে ৩০০ টাকার পণ্য কিনলে একটি টিফিন বক্স বা পানির বোতল, ৬০০ টাকার পণ্যে ২০০ টাকার একটি বালতি ক্রেতাদের উপহার দেওয়া হচ্ছে।
আরএফএলের প্লাস্টিক প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ছুটির দিন কিংবা কর্মব্যস্ত—যে দিনই হোক না কেন, এসব স্টলে ক্রেতার ভিড় লেগেই থাকে, কিন্তু এ বছর চিত্রটি ভিন্ন। প্লাস্টিকের পণ্য যেভাবে বিক্রি হয়, এ বছর এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি।
নানা ধরনের প্লাস্টিক পণ্য নিয়ে মেলায় এসেছে বেঙ্গল প্লাস্টিকও। মেলায় তাদের যে পণ্যটি ক্রেতাদের বেশি নজর কেড়েছে তা হলো প্যাকেজ পণ্য। মানে, একই ধরনের বাটি কিংবা জার ছোট থেকে বড় সাইজের পর্যন্ত। বেঙ্গলের স্টলে চার শ’র বেশি ধরনের প্লাস্টিক পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে মেলা উপলক্ষে নিয়ে আসা হয়েছে নতুন শতাধিক ধরনের পণ্য, নির্দিষ্ট অঙ্কের পণ্য কেনার জন্য ক্রেতাদের দেওয়া হচ্ছে নগদ ছাড়।
বেঙ্গলের স্টলের ইনচার্জ রিয়াজ আহমেদ বলেন, ৪০০ টাকার পণ্যে নগদ ৫০ টাকা, ৭০০ টাকার পণ্যে নগদ ১০০ টাকা ও ১ হাজার টাকার পণ্য কেনার জন্য ১৫০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে ক্রেতাদের।
হ্যামকো প্লাস্টিকের স্টলেও দেখা যায় নানা ধরনের প্লাস্টিক পণ্যের সমাহার। একেবারে ছোট আকারের পণ্য থেকে শুরু করে বড় আকারের ওয়ার্ডরোব ও নতুন ধরনের প্লাস্টিকের চেয়ার-টেবিলও পাওয়া যাচ্ছে স্টলটিতে।
হ্যামকোর প্রধান বিপণন কর্মকর্তা জাহিদ হাসান বলেন, মেলায় গৃহস্থালি ও ফার্নিচার দুই ধরনের প্লাস্টিক পণ্যই আনা হয়েছে। বেশ কিছু নতুন পণ্যও এসেছে। ক্রেতাদের পণ্যভেদে নানা মূল্য ছাড়ও দেওয়া হচ্ছে। তবে বিক্রি নিয়ে হতাশার কথা জানিয়ে তিনি বলেন, গত বছর হরতাল-অবরোধের মধ্যে বিক্রি ভালো ছিল, এবার পরিস্থিতি ভালো হলেও বেচা-বিক্রি কম।
এনপলি নামের আরেকটি প্যাভিলিয়নে চোখে পড়ে প্লাস্টিকের বিভিন্ন পণ্যসামগ্রী। এর মধ্যে আলাদাভাবে নজর কাড়ে প্রিন্টেড পেপার বাস্কেট বা ঝুড়ি। সুদৃশ্য এই ঝুড়িগুলো যে প্লাস্টিক দিয়ে তৈরি, প্রথম দেখায় তা কোনোভাবেই মনে হবে না। দামও বেশ কম, মাত্র ১২০ টাকা। এনপলির আরেকটি চোখে পড়ার মতো পণ্য হলো ম্যাজিক টুল, দাম ২১৬ টাকা। এ ছাড়া প্লাস্টিকের ফুড কনটেইনার, নানা আকারের মগ, জগ, গ্লাস, বালতি, চেয়ার, টেবিলও বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে এনপলির প্যাভিলিয়নে।
এনপলি প্যাভিলিয়নের বিক্রয়কর্মী ইসরাফিল হোসেন জানান, তাঁদের প্রতিষ্ঠানের পণ্যের মূল্য বাজারের যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় কম। তাই মেলা উপলক্ষে আলাদা কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
ইলেকট্রনিক পণ্যের জন্য বিখ্যাত দেশীয় প্রতিষ্ঠান এসকয়ার প্লাস্টিক পণ্যের ব্যবসাও সম্প্রতি জোরেশোরে শুরু করেছে। মেলা উপলক্ষে এসকয়ার প্লাস্টিকসের অন্যতম আকর্ষণ দুই রঙের প্লাস্টিক সামগ্রী। দুই রঙা বিভিন্ন পণ্যের মধ্যে আলাদাভাবে নজর কাড়বে ক্রিস্টাল ‘এগ হোল্ডার’ বা ডিম সংরক্ষণের পাত্র। দেখতে কাচের মনে হলেও প্লাস্টিকের তৈরি ডিম রাখার এ পাত্রটির দাম ১৮৫ টাকা, সঙ্গে আছে ১০ শতাংশ নগদ মূল্য ছাড়। এসকয়ারের অন্যান্য পণ্যভেদেও ১০ থেকে ২০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে।