বৈচিত্র্যময় পণ্য নিয়ে এসএমই মেলা শুরু

তামরি নামের কোনো চালের জাতের কথা হয়তো আপনি কখনোই শোনেননি। কিন্তু এ জাতের একটি দেশীয় চাল খিচুড়ি রান্নার জন্য অতুলনীয়। আকারে ছোট, হলুদাভ এ চালটি মিলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলায়। এ মেলায় গেলে চিত্রা অরগানিক কৃষি বাজারের স্টল থেকে ৯০ টাকা কেজি দরে এ চালটি কিনতে পারবেন।
শুধু তামরি নয়, মিলবে গাইনজা নামের একধরনের সরু চাল, যা ভাতের জন্য খুব ভালো। পিঠা-পায়েসের জন্য পাবেন তিন ধরনের বিন্নি, বিরই, বাঁশফুল, লাল বালামসহ দেশীয় বিভিন্ন জাতের চাল। তবে চাল নয়, এসএমই মেলায় সবচেয়ে বেশি পাবেন পোশাক। বিশেষ করে দেশের নারী উদ্যোক্তারা যে বুটিক ও বাটিক হাউসগুলো গড়ে তুলেছেন, সেগুলো অংশ নিয়েছে এসএমই মেলায়। এতে ৬০০ থেকে ৩ হাজার টাকার মধ্যেই মিলছে মেয়েদের পোশাক, শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক ও বিছানার চাদর। পোশাকের পর সবচেয়ে বেশি মিলছে চামড়াজাত পণ্য। জুতা, স্যান্ডেল, ব্যাগ, বেল্টসহ চামড়ার তৈরি বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। আছে বেশ কয়েকটি হস্তশিল্পের স্টল। মধুসহ বিভিন্ন পণ্যও নিয়ে এসেছে কিছু প্রতিষ্ঠান। মেলায় গেলে পিঠাও খাওয়া যাবে। প্রতিটির দাম ৫ থেকে ৫০ টাকার মধ্যে।
মেলাটি গতকাল বুধবার সকালে উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। মেলাটি আগামী রোববার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে প্রবেশে কোনো ফি নেই। দেশের ২০০টি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ২১৬টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে এ মেলায়।
এদের মধ্যে একটি বেঙ্গল ব্রেইডেড রাগস। তারা পাটের তৈরি উন্নতমানের কার্পেট ও পাপোশ নিয়ে মেলায় অংশ নিয়েছে। কোম্পানিটির কর্মীরা বলেন, এসব পণ্য তাঁরা ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করছেন। বাংলাদেশের বাজারে তাঁদের পণ্য খুব বেশি সরবরাহ করা হয় না। তাঁদের একেকটি কার্পেটের দাম পড়ে প্রায় ৭ হাজার টাকা।
গ্রিটিংস স্টুডিও নামের একটি প্রতিষ্ঠান নিমন্ত্রণের কার্ড তৈরি করে কাঠের নকশা করে, যাকে বলা হয় উড ক্র্যাফট। আকর্ষণীয় এ নকশা দেখতে অনেকেই স্টলটিতে ভিড় করেন। জানতে চাইলে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী আরেফিন আসগর প্রথম আলোকে বলেন, একেকটি বিয়ের নিমন্ত্রণ কার্ড তৈরিতে খরচ পড়বে ৩৫০ টাকা বা তার চেয়ে বেশি। তাদের লক্ষ্য কিছু উচ্চ আয়ের ক্রেতা ধরা।
ডি জোন নামের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে দেয়াল সাজানোর কাঠ ও পার্টিকেল বোর্ডের তৈরি নকশা, যাকে বলা হয় ওয়াল প্যানেলিং। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জহিরুল ইসলাম বলেন, ১ বর্গফুটের দেয়াল সাজাতে খরচ পড়ে কমপক্ষে ১ হাজার ২০০ টাকা।
অপ্সরা বুটিকের মরিয়ম কবিরের স্টলে শাড়ি, সালোয়ার কামিজ, নকশিকাঁথা ও বিছানার চাদর মিলছে। তিনি বলেন, ‘আমি দাম সাধারণ মানুষের নাগালে রেখেছি। বেশির ভাগ পণ্যের দামই ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে।’
মেলার উদ্বোধন অনুষ্ঠানে চারজনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেন বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) পারভীন আক্তার। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) শহিদুল ইসলাম ফকির, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) উম্মে হাবিবা নীলা। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) মো. বেলাল হোসেন। জাতীয় এসএমই ব্যবসা প্রতিযোগিতা ২০১৬-এর বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার পান ইয়াসির আরাফাত ও তাঁর দল, দ্বিতীয় পুরস্কার পান জান্নাতুল নাইমা ও তাঁর দল, তৃতীয় পুরস্কার পান দেবজিৎ সাহা ও তাঁর দল। অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।