বৈদেশিক মুদ্রা বিনিময় আইন দ্রুত সংশোধনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৈদেশিক মুদ্রা বিনিময়সংক্রান্ত আইন-১৯৪৭ দ্রুত সংশোধনের তাগিদ এসেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সংলাপে। সংলাপে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, দেশের প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনার স্বার্থে এই আইন দ্রুত সংশোধন করতে হবে। তিনি জানান, আজ রোববার বেপজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে তিনি এ প্রসঙ্গ তুলে আইনটি যাতে দ্রুত সংশোধন করা হয়, সে ব্যবস্থা করবেন।ঢাকায় গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিসিবি আয়োজিত সংলাপে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করেন। সংলাপে সংগঠনের ব্যাংকিংবিষয়ক কমিটির চেয়ারম্যান মামুন রশিদ দেশের বৈদেশিক বিনিময় আইন ও বৈদেশিক বিনিময় নির্দেশিকার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়ীদের এখন বিদেশে বিনিয়োগের সক্ষমতা তৈরি হয়েছে। এ বিষয়টিও আজ প্রধানমন্ত্রীর কাছে তুলবেন জানিয়ে তিনি বলেন, দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তিনি এই সুযোগ তৈরি করতে বলেছেন। অর্থমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, তানজানিয়া ও গাম্বিয়ায় বিপুল পরিমাণ আবাদি জমি আছে। এগুলো বাংলাদেশি ব্যবসায়ীরা কিনে সেখানে বিনিয়োগ করতে পারেন।ফারুক খান জানান, দেশে প্রতিযোগিতা আইন আগামী জুন মাসে সংসদে উঠবে। একই সঙ্গে কোম্পানি আইনও সংশোধন করা হবে। সংলাপে উপস্থিত ব্যবসায়ী, আইন বিশেষজ্ঞ ও ব্যাংকাররা প্রায় সবাই ৬৪ বছরের পুরোনো এই আইন সংশোধনের বিষয়ে একমত হন। তাঁরা বলেন, বাংলাদেশ ব্যাংকও এই আইনটি আর নির্দেশনা দিয়ে চালাতে অপারগতা প্রকাশ করছে। তিন বছর আগে আইনটি সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সে সময়কার সংশোধনী প্রস্তাবের অনেক কিছুই বিশ্বপরিস্থিতির কারণে বদলে গেছে। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, বর্তমান আইনটি তৈরি হয়েছে যাতে ব্যবসায়ী অর্থ নিয়ে যেতে না পারে সে লক্ষ্যে। ব্যবসায়ীদের সুযোগ তৈরি করতে। সংলাপে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন।নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই প্রবীণ আইনজীবী বলেন, ব্যাংকস্ জাতীয়করণ আইনটি বঙ্গবন্ধু তাঁকে নিয়ে ১৫ দিনের মধ্যে তৈরি করেছিলেন।সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেন, সংলাপের আলোচনাতেই আইনের ৫০ ধরনের সমস্যা বের হয়ে এসেছে, যেগুলো এখনই সমাধান করা যায়। তিনি বলেন, দেখা গেছে পাঁচ ডলারের একটি লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে গিয়ে জীবন ধ্বংস হওয়ার উপক্রম হয়। আনিসুল হক আরও বলেন, মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক (ফ্লোটিং এক্সচেঞ্জ) ব্যবস্থা হলেও আসলে এতে কেন্দ্রীয় ব্যাংকের শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। এটা বাজারের ওপর ছেড়ে দিলে ডলারের দাম ৭৫ টাকা ছাড়িয়ে যেত। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী মূলধনী হিসাবের রূপান্তরযোগ্যতার পক্ষে মত দেন। তিনি এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না দেওয়ারও সমালোচনা করেন। এমসিসিআইয়ের সভাপতি বলেন, দেশের খাদ্য ঘাটতি মেটাতে বিদেশে গিয়ে খাদ্য উৎপাদন করে সেই খাদ্য দেশে আনা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ১৯৪৭ সালের প্রেক্ষাপটে বৈদেশিক বিনিময় আইনটি প্রণীত হয় ব্রিটিশ সরকারের সময়। তিনি নতুন করে আইন প্রণয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়ার পরামর্শ দেন।বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন অবশ্য বলেন, দেশে যে বিপুল পরিমাণ রপ্তানি-আয় ও প্রবাসী-আয় আসছে তা কিন্তু এই বৈদেশিক বিনিময় আইনের মধ্য থেকেই। একই সঙ্গে তিনি বলেন, এই আইনটি যুগোপযোগী করার মধ্যে দেশ আরও বেশি সমৃদ্ধি অর্জন করতে পারে।আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বৈদেশিক বিনিময় আইনটি সংশোধন-প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কিন্তু এই প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের নতুন নির্দেশিকা-২০০৯ নতুন করে ইস্যু করেছে। কিন্তু তার মধ্যেও কিছু অস্পষ্টতা রয়েছে, যেগুলোর ব্যাখ্যা করার অবকাশ আছে।অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি না থাকার কারণ তুলে ধরে আইসিসিবির সভাপতি বলেন, অভ্যন্তরীণ কোনো বিশেষ বৈঠকের কারণে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিনিধি সংলাপে আসতে পারবে না বলে আগেই জানানো হয়েছে।