বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা স্বস্তি এসেছে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে। মার্কিন ডলারের বিপরীতে টাকা খানিকটা শক্তিশালী হয়েছে।মাত্র কয়েক দিনের ব্যবধানে এখন প্রতি ডলার পেতে এক টাকা কম ব্যয় করতে হচ্ছে। বেড়েছে বৈদেশিক মুদ্রাবাজারে লেনদেন। এতে হাহাকারের পরিবর্তে সরবরাহ বেড়ে দাম কমছে।এদিকে, গত মঙ্গলবার ব্যাংকঋণ ও আমানতের সুদহারের ওপর সীমা নির্ধারণ করে দিয়েছে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। এবিবি আমানতের সর্বোচ্চ সুদ সাড়ে ১২ শতাংশ এবং শিল্পের মেয়াদি ঋণের সুদহার সর্বোচ্চ সাড়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। এতে গোটা মুদ্রাবাজারের চাপ খানিকটা সহনীয় হয়েছে।সাম্প্রতিক সময়ে দেশে আমদানি ব্যয় খানিকটা কমেছে। অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আমদানি ব্যয় হয়েছে এক হাজার ৭৮১ কোটি ৭৪ লাখ ডলার। প্রবৃদ্ধি ১৯ শতাংশ। অন্যদিকে এই সময়ে রপ্তানি আয় হয়েছে এক হাজার ১৭৭ কোটি ৪৬ লাখ ডলার। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭২ শতাংশ। আবার জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসী-আয় (রেমিট্যান্স) এসেছে ৭২৮ কোটি ২০ লাখ ডলারের, যার প্রবৃদ্ধির হার সাড়ে ১১ শতাংশ। এর মধ্যে গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় এসেছে।দেশে ডলারের দর বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে তাঁদের আয় পাঠাতে উদ্যোগী হয়েছেন বলে ধারণা করা হয়। ব্যাংকে আমানতের সুদের হার বৃদ্ধিও প্রবাসীদের দেশের ব্যাংকগুলোতে বেশি পরিমাণ অর্থ পাঠাতে উৎসাহিত করেছে।বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে এই পরিস্থিতি মুদ্রাবাজারের ওপর প্রভাব ফেলেছে। তাতে অন্ততপক্ষে সাময়িক স্বস্তি এসেছে বিনিময় হার ও রিজার্ভ পরিস্থিতিতে।বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল, এ দফায় ডলারের দাম ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকবে। এ ধরনের অনুমাননির্ভর খবরে মুদ্রাবাজারের ফাটকা কারবারিরা তাঁদের সংরক্ষণসীমা পর্যন্ত ডলার ধরে রেখে অবস্থান নিয়েছিলেন। একইভাবে সুবিধাভোগী রপ্তানিকারক ও এক্সচেঞ্জ হাউসগুলো তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা হাতে ধরে রাখার কৌশল নিয়েছিল। তাতেও বাজারে ডলারের নতুন করে সবরবরাহ কমে যায়। কিন্তু, গত কয়েক দিনে বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের দরপতনে হতাশ হয়েছেন এই ফাটকা কারবারিরা। এখন সব পক্ষই তাদের ধরে রাখা বৈদেশিক মুদ্রা বিক্রি করতে উদ্যোগী হয়েছে।কিন্তু, পরিস্থিতি বুঝে আমদানিকারকেরা আগ্রহ কম দেখাচ্ছেন। যেহেতু ডলারের দাম পড়ে যাচ্ছে, তাই তাঁরা অপেক্ষা করছেন আরও দাম পড়ার জন্য।এতে গতকাল বুধবার আন্তব্যাংকের বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম কমে নেমে আসে ৮৪ টাকার নিচে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ডলারের সর্বনিম্ন দর ছিল ৮৩ দশমিক ৯৫ টাকা। এদিন তাৎক্ষণিক (স্পট) ও সোয়াপ মিলে লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ডলার। আবার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইতিপূর্বে ধার নেওয়া (ওভারড্রাফট বা ওডি) ডলারের মধ্য থেকে গতকাল ৮০ লাখ ডলার ফেরত দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকও গতকাল মুদ্রাবাজারে ৫০ লাখ ডলার জোগান দিয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও গতকাল বুধবার দিন শেষে গিয়ে ঠেকেছে ৯৬৬ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলারে। গত মাসে রিজার্ভ নেমে গিয়েছিল ৯০০ কোটি ডলারের নিচে।