এই রিজার্ভ দিয়ে দেশের ছয় মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব হবে
বৈদেশিক মুদ্রার মজুত দুই হাজার কোটি ডলার ছাড়াল
দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আবারও নতুন উচ্চতায় অবস্থান নিয়েছে। রিজার্ভ প্রথমবারের মতো দুই হাজার কোটি ডলার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা মজুতের পরিমাণ বেড়ে দুই হাজার তিন কোটি মার্কিন ডলারের সমপরিমাণে উন্নীত হয়।
বর্তমানের এই রিজার্ভ দিয়ে দেশের ছয় মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো যাবে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার মজুত এক হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করে।
ঠিক এক বছর আগে অর্থাৎ ২০১৩ সালের ১০ এপ্রিল রিজার্ভ ছিল এক হাজার ৪২২ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ প্রায় ৪১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান এক সংবাদ সম্মেলনে বলেন, এই বৈদেশিক মুদ্রার মজুত থেকে পদ্মা সেতুতে বিনিয়োগ সম্ভব। সরকার চাইলে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ করা যাবে।
সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুসারে ভারতের রিজার্ভ ৩০ হাজার ৩৬৭ কোটি ডলার। তার পরই বাংলাদেশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুসারে পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ৯৮৬ কোটি ডলার।
মূলত, আমদানি ব্যয় কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি-আয়ে ভালো প্রবৃদ্ধি ও প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বৃদ্ধির আরেক অন্যতম কারণ, দেশে বিনিয়োগ মন্দা রয়েছে। অন্যদিকে বিদেশ থেকে বেসরকারি খাত ২০০ কোটি ডলারে যে ঋণ এনেছে, এতেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর থেকে চাপ কমেছে।
দেশে বৈদেশিক মুদ্রার মজুত পরিস্থিতি এখন এমন হয়েছে যে, এখন অনেক বাণিজ্যিক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার রয়েছে। কারও কারও সংরক্ষণ সীমাও অতিক্রম করছে। তারা ডলার বিক্রি করছে। কিন্তু, ক্রেতা কম। ফলে বাংলাদেশ ব্যাংককে নিয়ম অনুসারে ডলার কিনতে হয়েছে ব্যাংকের কাছ থেকে।
তবে বছর কয়েক আগে এ পরিস্থিতি ছিল না। তখন ডলারের জন্য হাহাকার ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে ডলার জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকও নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে আসছিল। আইডিবির কাছ থেকে শেষমেশ একটা বড় সহায়তা মেলে। যে পরিমাণ অর্থ জ্বালানি কিনতে ব্যয় হবে, আইডিবি তা পরিশোধ করবে। আর ছয় থেকে নয় মাস পর তা পরিশোধ করা হবে। তবে সম্প্রতি এ খাতে সহায়তা কম নেওয়া হচ্ছে।
আবার সমসাময়িক সময়ে সার্বিক বৈদেশিক বিনিময় পরিস্থিতির কথা চিন্তা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকেও সরকার ১০০ কোটি ডলার ঋণ নেয়। যার চারটি কিস্তির অর্থ ইতিমধ্যেই রিজার্ভে এসে জমা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির কারণ উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, রপ্তানিতে একটা ভালো প্রবৃদ্ধি আছে। অন্যদিকে অপ্রয়োজনীয় আমদানি কমেছে। খাদ্যপণ্য আমদানিও নেই। এখন যা আমদানি হচ্ছে তা প্রকৃত চাহিদা। এতে রিজার্ভ বাড়ছে।