দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন বাংলাদেশ ব্যাংকের (বিবি) অনলাইন তদারকির আওতায় এসেছে। বৈদেশিক লেনদেনসংক্রান্ত তথ্য পেতে গঠন করা হয়েছে ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস মনিটরিং ড্যাশবোর্ড’, যা এই তদারকি সহজ করেছে। খবর বাসসের। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ প্রসঙ্গে বলেন, ‘ব্যাংকের বৈদেশিক লেনদেন এফএক্স ড্যাশবোর্ডে ভেসে ওঠে বলে সব বৈদেশিক লেনদেন এখন আমাদের নিবিড় তদারকিতে এসেছে। তাই যেকোনো অনিয়ম ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ব্যাংক এখন দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম।’দেশের বিভিন্ন ব্যাংকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখায় (এডি শাখা) বৈদেশিক লেনদেন তদারকির জন্য চারটি অনলাইন রিপোর্টিং মডিউল এই ড্যাশবোর্ডের মাধ্যমে কার্যকর করা হয়েছে। এগুলো হলো আমদানি, রপ্তানি, অন্তর্মুখী প্রবাসী আয় ও বহির্মুখী প্রবাসী আয়।নাজনীন সুলতানা জানান, শুধু কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ নয়, বরং সব বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক লেনদেন পর্যবেক্ষণ ও তদারকির জন্য আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক দৃশ্য ও অদৃশ্য সব ধরনের লেনদেনের তদারকি ও যাচাই-বাছাই করবে। এতে কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক শাখার সঙ্গে টেলিফোনে অথবা ই-মেইল ও চিঠির মাধ্যমে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, অনলাইন তদারকি ব্যবস্থার ফলে রপ্তানির ক্ষেত্রে পণ্য, দেশ ও মুদ্রাভিত্তিক পরিমাণ, রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রার পরিমাণ ও বকেয়া রপ্তানি বিল সম্পর্কে নির্দিষ্ট সময়েই রপ্তানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইভাবে পাওয়া যাবে আমদানি ও প্রবাসী-আয়ের তথ্যও।অনলাইন রপ্তানি মনিটরিং সিস্টেম এডি শাখা, রপ্তানিকারক, পণ্য, দেশ ও মুদ্রাভিত্তিক রপ্তানির পরিমাণ, রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রার পরিমাণ এবং বকেয়া রপ্তানি বিল সম্পর্কে রেকর্ড তথ্য থাকায় নির্দিষ্ট সময়েই রপ্তানি সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তা করবে। অনলাইন আমদানি মনিটরিং সিস্টেমে একদিকে আমদানিকারক, পণ্য, দেশ ও মুদ্রাভিত্তিক আমদানির পরিমাণ, বকেয়া আমদানি বিলের পরিমাণ ইত্যাদি, অন্যদিকে ঋণপত্র গ্রহণ, অভ্যন্তরীণ বিল ক্রয় ও বিল পরিশোধ সম্পর্কে তথ্য থাকবে।