বৈদ্যুতিক তার ও পাখা শিল্পের কাঁচামালের শুল্ক কমানোর দাবি
দেশীয় বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী শিল্পগুলোকে টিকিয়ে রাখার স্বার্থে কাঁচামালের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তাঁরা দেশীয় বৈদ্যুতিক কেব্লস (তার) ও বৈদ্যুতিক ফ্যান (পাখা) তৈরির অন্যতম কাঁচামাল ইউরিয়া রিসাইন ও থিওইউরিয়ার আমদানি শুল্ক ৫ শতাংশ ও রিফাইন্ড কপারের আমদানি শুল্ক ১২ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছেন।বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানায়, প্রস্তাবিত ২০১১-১২ অর্থবছরের বাজেটে এ শিল্পে ব্যবহূত কাঁচামালের ওপর অযৌক্তিকভাবে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। সমিতির সভাপতি এনায়েত হোসেন চৌধুরী বলেন, তৈরি পণ্যের আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক সুইচ, সকেট ও প্লাগ এবং মাল্টি কর্ড আমদানির ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অথচ এসব পণ্যের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক ১২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা দেশীয় শিল্প সংরক্ষণের সম্পূর্ণ বিপরীত।এনায়েত হোসেন আরও জানান, দেশে বর্তমানে পাঁচ শতাধিক বৈদ্যুতিক সুইচ, সকেট, হোল্ডারসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেসব শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে। এসব শিল্পের মৌলিক কাঁচামাল ইউরিয়া রিসাইন ও থিওইউরিয়া (যার এইচএস কোড: ৩৯০৯.১০.০০) ১৫ বছর ধরে ৫ শতাংশ হারে শুল্ক নির্ধারিত ছিল। কিন্তু চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ নির্ধারণ করা হয়।এনায়েত হোসেন জানান, বাজেটের আগেই সমিতির পক্ষ থেকে পুনরায় ৫ শতাংশ শুল্ক নির্ধারণের দাবি জানানো হয়। কিন্তু প্রস্তাবিত শুল্ক কমানোর পরিবর্তে বাজেটে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। দেশীয় ফ্যান ও বৈদ্যুতিক শিল্পের অন্যতম কাঁচামাল রিফাইন্ড কপার ওয়্যারের আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলো আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না। কারণ এমনিতেই কম শুল্ক দেখিয়ে পণ্য আমদানি করায় দেশীয় শিল্প প্রতিযোগিতায় টিকতে পারে না। ফলে কাঁচামালের আমদানি শুল্ক না কমালে দেশীয় বৈদ্যুতিক কেব্লস ও ফ্যান শিল্প- কারখানা অসমপ্রতিযোগিতায় পড়ে বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে কাঁচামালের আমদানি শুল্ক বাড়ানোয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ট্রান্সকম কেব্লস লিমিটেড, ম্যাক্রো কেব্লস, ইস্টার্ন কেব্লস, বাংলাদেশ কেব্লস শিল্প লিমিটেড, আজিজ কেব্লস, বিবিএস কেব্লস, পলি কেব্লসসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী দেশীয় শিল্প ক্ষতির সম্মুখীন হবে।