বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামালে শুল্কহার হ্রাসের সুপারিশ
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামাল ইউরিয়া রেজিন আমদানির ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ)। একই সঙ্গে বৈদ্যুতিক পণ্যের ওপর ৬০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।সম্প্রতি বিইএমএমএর পক্ষে সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, আমদানীকৃত বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে ২০১২-১৩ অর্থবছরের মূল বাজেটে এসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অন্যথায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির মৌলিক কাঁচামাল ইউরিয়া রেজিনস আমদানিতে বর্তমানে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হয়। চলতি অর্থবছরের বাজেটে এটি ১২ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়। এ কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিদেশি পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় ইলেকট্রিক পণ্য। অথচ তৈরি পণ্য আমদানিতে শুল্ক দিতে হয় ২৫ শতাংশ। তৈরি পণ্য ও কাঁচামাল উভয় ক্ষেত্রে একই শুল্কহার থাকায় দেশি উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। এ জন্য আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে কাঁচামালটির আমদানি শুল্ক হ্রাস করে ৫ শতাংশ করা প্রয়োজন। এতে আরও বলা হয়, বর্তমানে মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে প্রচুর পরিমাণ প্লাগ, সুইচ ও সকেট আমদানি করা হয়। কিন্তু এসব পণ্যের চাহিদার প্রায় পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান জোগান দিতে পারে। এ কারণে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে আমদানীকৃত বৈদ্যুতিক পণ্যের ওপর ২০ শতাংশের পরিবর্তে ৬০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা দরকার।তবে প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক পাখা ও এর যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ এবং বৈদ্যুতিক এক্সটেনশন কর্ডের ওপর ২০ শতাংশ আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করাকে স্বাগত জানিয়েছে সমিতি। এই সিদ্ধান্ত দেশীয় শিল্পবিকাশে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।