ভালো সাড়া জাগিয়ে ঢাকায় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ছিল তিন দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিন। শেষ দিনেও বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে আসেন এবং বিভিন্ন সরঞ্জামের খোঁজখবর নেন। প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশি-বিদেশি বিভিন্ন স্টলে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখছেন। অনেকে নিজেদের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পণ্য সংগ্রহের ক্রয়াদেশও দিয়েছেন। আয়োজকেরা জানান, ‘ষষ্ঠ পাওয়ার বাংলাদেশ-২০১১’ শীর্ষক এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে সেমস গ্লোবাল। এ ছাড়া সহযোগী প্রদর্শনী হিসেবে ‘রিনিউয়েবল এনার্জি বাংলাদেশ-২০১১’, ‘সোলার বাংলাদেশ-২০১১’ ও ‘ই-পাওয়ার বাংলাদেশ-২০১১’ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ ১৬টি দেশের প্রদর্শকেরা তাঁদের যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরেন।মার্কিন যুক্তরাষ্ট্রের সেমস গ্লোবাল (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস) ও সেমস বাংলাদেশ যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। এবারের প্রদর্শনীতে রহিমআফরোজ মিৎসুবিসি, ফারাবো ও প্রামোক—এই তিনটি ব্র্যান্ডের জেনারেটর প্রদর্শন করে। ১৫ কিলোওয়াট থেকে আড়াই মেগাওয়াট ক্ষমতার এসব জেনারেটরের দাম ৬৫ লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত। বাংলা ট্র্যাক পাওয়ার লিমিটেড যুক্তরাজ্য থেকে আমদানি করা অলিম্পিয়ান ব্র্যান্ডের ডিজেলচালিত জেনারেটর নিয়ে এসেছে। ৩০ থেকে ৭০০ কেভি ক্ষমতার এসব জেনারেটরের দাম চার লাখ থেকে ৬৩ লাখ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক নওশাদ আরেফিন বলেন, এবারের প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া গেছে। ক্রেতারা যাচাই-বাছাই করে তাঁদের পছন্দের যন্ত্রটি কিনতে পারছেন। ডিজেল পাওয়ার সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে জেনারেটরের পাশাপাশি ভারত থেকে ই-বাইক (ইলেকট্রনিক বাইক) নিয়ে এসেছে। দেশীয় ক্রেতাদের ভালো সাড়া পেয়েছেন—এমন দাবিও করলেন প্রতিষ্ঠানটির সেলস ও সার্ভিস ইঞ্জিনিয়ার মুজাদ্দিদ হায়দার। গতকাল দুপুরে প্রদর্শনীতে জেনারেটর দেখতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে অনেকগুলো ব্র্যান্ডের জেনারেটর দেখলাম। দামদর শুনলাম। ক্যাটালগ নিয়ে যাচ্ছি। পরে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব।’প্রদর্শনীতে পাওয়ার জেনারেট অ্যান্ড ট্রান্সমিশনের সরঞ্জাম নিয়ে এসেছিল বাংলা ক্যাট, এনার্জিপ্যাক পাওয়ার, ডিজেল পাওয়ার, মেটাল প্লাস, পাওয়ার প্রো, এক্সপ্রেস সিস্টেম, এপিই পাওয়ার, সাইফ পাওয়ারটেকসহ ৭৭টি স্টল। প্রাইস ক্লাব লিমিটেডও বড়ভাবে অংশ নেয়।তবে দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে এবার সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য বৈদ্যুতিক সরঞ্জামের দিকে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির স্টল ছিল ৩৯টি। হেমকো গ্রুপ চীন থেকে সোলার প্যানেল নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি প্রতি ওয়াট ১৫০ টাকা হিসেবে সৌরবিদ্যুৎ সরঞ্জাম সরবরাহ করে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, চার ঘণ্টার ব্যাকআপসহ প্রতি ওয়াটের দাম পড়ে ৩৫০ টাকা। এর মধ্যে সোলার প্যানেল, ব্যাটারি ও সরঞ্জাম প্রতিস্থাপন অন্তর্ভুক্ত। রহিমআফরোজের জ্যেষ্ঠ কর্মকর্তা শায়ান শাফি বলেন, নতুন বৈদ্যুতিক সংযোগ পেতে তিন শতাংশ সৌরবিদ্যুতের সংযোগ থাকতে হবে—সরকারের এই নীতির কারণে সোলার প্যানেলের দিকে ক্রেতারা আগ্রহ বেশি দেখাচ্ছেন।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, রহিমআফরোজ ভারত ও চীন থেকে সোলার প্যানেল আমদানি করে। তবে অন্যান্য সরঞ্জাম দেশেই তৈরি হয়। এ ক্ষেত্রে প্রতি ওয়াটের মূল্য পড়ে ২৭৬ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া বেস্টওয়ে পাওয়ারটেক, ব্র্যাক সোলার, ইকো ডিস্ট্রিবিশন, সবুজ বাংলা এনার্জি, প্যাসন নিউ এনার্জি, লেজারসান এনার্জি, ট্রনি সোলার হোল্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম প্রদর্শন করে। প্রদর্শনীতে সহযোগী অংশীদার হিসেবে ছিল বাংলা ট্র্যাক লিমিটেড (বাংলা ক্যাট), এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, প্রাইস ক্লাব জেনারেল ট্রেডিং লিমিটেড, রহিমআফরোজ এনার্জি সার্ভিসেস ও রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি। এর আগে গত বৃহস্পতিবার ‘পাওয়ার বাংলাদেশ’ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইস ক্লাবের চেয়ারম্যান ইমদাদ হক।