বৈধ পথে পেট্রল-অকটেন বিক্রি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বৈধ পথে অকটেন ও পেট্রল বিক্রি বাড়ছে। নিয়মিতভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নজরদারি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং প্রশাসনিক তদারকির ফলে এ দুটি জ্বালানি পণ্যের বিক্রি বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিপিসির তথ্য অনুযায়ী গত অক্টোবরে ১৭ হাজার ২০০ টন পেট্রল ও ১৫ হাজার ৪০০ টন অকটেন বিক্রি হয়েছে। আগের বছরের একই মাসে সাড়ে ১২ হাজার টন পেট্রল ও ১১ হাজার ৬০০ টন অকটেন বিক্রি হয়েছিল। গত সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ টন পেট্রল ও ১৫ হাজার টন অকটেন বিক্রি হয়; যা আগের বছরের একই মাসে ছিল যথাক্রমে ১১ হাজার ৭০০ টন ও ১২ হাজার টন। এ বছরের আগস্টে সাড়ে ১৩ হাজার টন পেট্রল ও ১৪ হাজার ৯০০ টন অকটেন বিক্রি হয়; যা গত বছরের একই মাসে ছিল যথাক্রমে ৯ হাজার ৭০০ টন ও ১১ হাজার ৪০০ টন।
বিপিসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিপিসির অকটেন ও পেট্রলের বিক্রি বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বাড়ছে। নিয়মিত তদারকি-নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত চলতে থাকলে বৈধ পথে পেট্রল ও অকটেনের বিক্রি আরও বাড়বে। বদৌলতে বিপিসির রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বিপিসির তথ্য অনুযায়ী দেশে গত ২০১৫-১৬ অর্থবছরে পেট্রল ও অকটেন বিক্রি কমেছিল। এর মধ্যে ওই অর্থবছরে দেশে পেট্রলের ব্যবহার হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৭৪ মেট্রিক টন, যা এর আগের ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে ২৯ হাজার ৪৪৯ মেট্রিক টন এবং ২০১৩-১৪ অর্থবছরের ৪১ হাজার ৩০০ মেট্রিক টন কম।
বিপিসির সূত্র জানায়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রলের সঙ্গে কনডেনসেট (অপরিশোধিত জ্বালানি তেল) মেশানোর কারণেই মূলত জ্বালানি পণ্য দুটির বিক্রি কমেছে। এমনকি বিপিসির অধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির বিরুদ্ধেও কনডেনসেট বাজারজাতের জোরালো অভিযোগ ওঠে। বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা গত ২ আগস্ট সংস্থাটির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খানের কাছে পাঠানো এক ‘গোপন’ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেন। তিনি ‘পদ্মা অয়েল কোম্পানি লি. কর্তৃক কনডেনসেট পরিশোধন না করে তা সরাসরি বিপণন এবং সময়মতো বিল না প্রেরণ’ শীর্ষক ওই চিঠিতে পদ্মা অয়েলের বিরুদ্ধে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। গত ২৭ সেপ্টেম্বর ‘অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত’ শিরোনামে প্রথম আলো পত্রিকায়ও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে বেসরকারি কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট বা পরিশোধন কেন্দ্রগুলোও নিয়মানুযায়ী বিপিসির মাধ্যমে জ্বালানি বিক্রি না করে অবৈধভাবে বাইরে ছাড়ার কারণেও বিপিসির বিক্রি কমেছে বলে অভিযোগ আছে। যে কারণে জ্বালানি মন্ত্রণালয় গত জুলাইয়ে ছয়টি বেসরকারি পরিশোধন কেন্দ্র বন্ধ করে দেয়।
বিপিসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছাড়াই দেশে ১৩টি বেসরকারি পরিশোধন কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল।
পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনার্স অ্যাসোসিয়েশনের একাধিক নেতা জানান, কনডেনসেট থেকে জ্বালানি তেল পরিশোধন করার প্ল্যান্ট নির্মাণের সময় সরকারের অনাপত্তিপত্রে উৎপাদন বস্তুর পরিমাণ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়নি। অর্থাৎ এক টন কনডেনসেট থেকে কী পরিমাণ পেট্রল, অকটেন, ডিজেলসহ বিভিন্ন শ্রেণির জ্বালানি উৎপাদন করে বিপিসিকে দিতে হবে, তা অনাপত্তিপত্রে উল্লেখ ছিল না। এতে জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মীর আলী রেজা প্রথম আলোকে বলেন, ‘আমরা বেসরকারি প্ল্যান্টের জন্য নীতিমালা তৈরি করছি। নীতিমালার আলোকে কনডেনসেট নিয়ে পরিশোধনের পর বেসরকারি প্ল্যান্টগুলো বিপিসির মাধ্যমে বাজারজাত করবে।’