বৈধ মালিকানা ছাড়া ঋণ দেবে না ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়ানের বৈধ মালিক আবেদন না করা পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধে নতুন করে কোনো ঋণ দেবে না ইসলামী ব্যাংক। ফলে সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের ১ হাজার ৩০০ শ্রমিকের তিন মাসের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি আজ মঙ্গলবার মীমাংসা না-ও হতে পারে।
ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। এদিকে সোয়ানের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসংক্রান্ত সমস্যার সমাধানে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটির দ্বিতীয় বৈঠক হবে আজ সকালে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকেই আন্দোলনরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নিজেদের অবস্থান জানানোর কথা ইসলামী ব্যাংকের।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের গণসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরাও শ্রমিকদের বিষয়টির সমাধান চাই। তবে নতুন করে ঋণ পেতে সোয়ানের বৈধ মালিককে ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। তবে আমরা এখন পর্যন্ত সোয়ানের বৈধ মালিক খুঁজে পাইনি।’ তিনি আরও বলেন, ‘সোয়ানের কাছে ইসলামী ব্যাংকের ৪১ কোটি টাকা পড়ে আছে। সেই টাকা তোলার জন্য হলেও আমরা চাই কারখানা চালু হোক।’
বিজিএমইএ ও ইসলামী ব্যাংক সূত্র জানায়, সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিং ইউন হন ১৯৮৫ সাল থেকে ইসলামী ব্যাংকের গ্রাহক। চীনের নাগরিক ইউন হনের দ্বিতীয় স্ত্রী ইং লি গ্রুপের পরিচালক। গত এপ্রিল এমডি আত্মহত্যা করলে কোম্পানিটির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। ইউন হনের প্রথম স্ত্রী (তালাকপ্রাপ্ত) পেট্রিসিয়া হন দেশে এসে মালিকানা দাবি করেন। তবে আদালত থেকে তিনি এখন পর্যন্ত বৈধ মালিকানার ছাড়পত্র বা সাকসেশন সনদ পাননি। পেট্রিসিয়া ইসলামী ব্যাংকে ঋণ পেতে যোগাযোগ করলেও তাঁকে সাকসেশন সনদ নিয়ে তারপর ঋণের জন্য আবেদন করতে বলা বলা হয়েছে।
সোয়ানের শ্রমিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১৬ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে শ্রমিকেরা এই আন্দোলন করে আসছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা এবং বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে।
জানতে চাইলে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালত থেকে সাকসেশন সনদ পেতে কিছুটা সময় লাগতে পারে। সে জন্য সরকার যদি দায়দায়িত্ব নিয়ে ইসলামী ব্যাংককে চাপ দেয়, তাহলে কালকের (আজ) মধ্যে শ্রমিকদের সমস্যাটির সমাধান হয়ে যাবে।’