বৈধ হওয়ার পরই বিদেশে মুনাফা নেওয়ার অনুমতি পাবে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার। এর আগে কোনোভাবেই মুনাফার অংশ বিদেশে নিতে পারবে না প্রতিষ্ঠানটি। সিটিব্যাংক এনএর মাধ্যমে বিদেশে অর্থ নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে সিটিব্যাংক এনএ বা উবারকে কিছু জানায়নি।
গত ২২ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক চালুর ঘোষণা দেয় উবার। এর তিন দিন পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিজ্ঞাপন দিয়ে উবারের সেবাকে অবৈধ ঘোষণা করে। এর কিছুদিন পর বিদেশি খাতের সিটিব্যাংক এনএতে হিসাব খুলে প্রতিষ্ঠানটি। এরপর দেশের বাইরে মুনাফার অর্থ নিতে আবেদন করে।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদনে উবার বলেছে, বাংলাদেশে সেবা দিয়ে যে আয় হবে তা আমেরিকার সানফ্রান্সিসকোয় অবস্থিত নিজেদের মূল কোম্পানিতে নেওয়া হবে। বাংলাদেশের সেবা আয় থেকে ২০ শতাংশ অর্থ পাঠানো হবে মূল কোম্পানিতে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে যেসব যাত্রী ভাড়া পরিশোধ করবেন, সেই অর্থ সরাসরি নেদারল্যান্ডসের আমস্টারডামের নিজেদের একটি অ্যাকাউন্টে জমা করতে চায় উবার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘আমরা বিষয়টা দেখছি। উবার নিয়ে অন্য প্রতিষ্ঠানগুলোর অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরো বিষয়গুলো বৈধ হওয়ার পরই অর্থ বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’