বৈমানিক ধর্মঘটে বিপাকে পড়েছে লুফথানসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বিমান সংস্থা লুফথানসার প্রায় চার হাজার বৈমানিক চার দিনের ধর্মঘট শুরু করেছেন। গত রোববার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়। চাকরির নিরাপত্তার দাবিতে সংস্থাটির বৈমানিকেরা এ ধর্মঘটের ডাক দেন। বিবিসি ও রয়টার্স অনলাইন।ধর্মঘটের কারণে ইতিমধ্যে প্রায় তিন হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে। ফলে ইউরোপীয় এ দেশটিতে বিমানযাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। জানা গেছে, লুফথানসার কর্মকর্তারা তাঁদের কর্মচারীদের পেছনে খরচ কমানোর চেষ্টার অংশ হিসেবে বৈমানিকদের অস্ট্রেলিয়া এয়ারলাইন্স বা লুফথানসা ইতালিয়ার মতো কোম্পানিতে স্থানান্তরের চেষ্টা করছেন। আর ওই সংস্থাগুলোতে বেতন-ভাতা মূল সংস্থার চেয়ে অনেক কম। মূলত এটাই বৈমানিকদের ধর্মঘটে যাওয়ার মূল কারণ। ধর্মঘটে যাওয়ার আগে সংস্থার কর্মকর্তা বৈমানিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন। তবে এতে কোনো মতৈক্য হয়নি। এ সংস্থার অধীনে প্রতিদিন প্রায় এক হাজার ৮০০ ফ্লাইট চলাচল করে। এর মধ্যে এক শ ৬০টি দীর্ঘপথ ভ্রমণ করে। ২০০৮ সালে এ সংস্থা প্রায় সাত কোটি যাত্রী বহন করে। ওই বছরে আয় করে প্রায় ৬০ কোটি ইউরো। ধর্মঘটে যাওয়ার আগে জার্মানির পরিবহনমন্ত্রী পিটার র্যামজাওয়ার মন্তব্য করেন এ ধর্মঘট দেশের অর্থনীতিতে ক্ষতিকারক প্রভাব ফেলবে, একই সঙ্গে সংস্থার সুনাম নষ্ট করবে।বৈমানিকদের সংগঠন ‘ভুল বোঝাবুঝির’ বিষয়ে ব্যাখ্যা করার জন্য কর্তৃপক্ষকে গত শনিবারও আলোচনায় বসার আহ্বান জানায়। কিন্তু কর্তৃপক্ষ আলোচনায় বসার জন্য শর্ত জুড়ে দেওয়ায় আলোচনা ভেস্তে যায়। তবে লুফথানসার মূখপাত্র কেলাস ওয়ালটার বলেছেন, ‘আমরা যে কোনো শর্ত ছাড়াই তাদের সঙ্গে বসতে রাজি। তবে তিনি আবার বলেন, এর আগে তাদের অবাস্তব ও অবৈধ দাবি থেকে সরে আসতে হবে।’