বৈরী আবহাওয়ায় চাতলাপুর স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ভারতে ইট রপ্তানি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার চাতলাপুর স্থলবন্দর এলাকায় গিয়ে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খালাসে কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ করে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পণ্য আমদানি থেকে বিরত রয়েছেন, যে কারণে গত ২৮ জুন থেকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় বাংলাদেশি সিমেন্ট, চিফ পাথর, মাছসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ রয়েছে।আলাপকালে চাতলাপুর স্থলবন্দরের রপ্তানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট খন্দকার আতিক সেলিম প্রথম আলোকে জানান, গত মে মাসে ঢাকায় সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকের সিদ্ধান্ত ও নতুন বাজেটের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে ইট রপ্তানি বন্ধ হয়ে গেছে।শুল্ক কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আদান-প্রদান করছেন না বলেই তিন দিন ধরে চাতলাপুর স্থলবন্দরে রপ্তানি বন্ধ রয়েছে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক নির্দেশে চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতে ইট রপ্তানি বন্ধ হয়ে গেছে।