উৎসবকেন্দ্রিক ব্যবসা
বৈশাখী অর্থনীতির পালে আবারও হাওয়া
পবিত্র রমজানের মধ্যে বাংলা বর্ষবরণ উৎসব হওয়ায় এবার বৈশাখকেন্দ্রিক অর্থনীতি পুরোপুরি চাঙা হয়নি।
টানা দুই বছর করোনাবন্দী থাকার পর আবার প্রায় স্বাভাবিক সময়ের মতোই বর্ষবরণ হতে যাচ্ছে কাল বৃহস্পতিবার। বাঙালির সর্বজনীন এই উৎসব উদ্যাপনের জন্য সাধারণ মানুষের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নিচ্ছে। বিপণিবিতানে কয়েক দিন ধরেই বৈশাখী পোশাক কেনাকাটা চলছে। মিষ্টির দোকানগুলোও নিয়েছে বাড়তি প্রস্তুতি।
অবশ্য পবিত্র রমজানের মধ্যে বাংলা বর্ষবরণ উৎসব হওয়ায় এবার বৈশাখকেন্দ্রিক অর্থনীতি পুরোপুরি চাঙা হয়নি। আবার বর্ষবরণ ও পবিত্র ঈদুল ফিতর—এই বড় দুটি উৎসব কাছাকাছি সময় হওয়ায় বৈশাখের কেনাবেচা আলাদা করাও কঠিন। তবে বৈশাখ ও ঈদের সম্মিলিত বেচাকেনা নিয়ে কয়েকজন ব্যবসায়ী জানান, করোনার আগের বছরের চেয়ে এবার বেশি ব্যবসা হবে বলেই তাঁদের প্রত্যাশা।
হালখাতার কল্যাণে অনেক আগে থেকেই পয়লা বৈশাখে মিষ্টির ব্যবসা চাঙা হয়। আর বৈশাখী পোশাক টুকটাক কেনাবেচার প্রচলন হয় এক থেকে দেড় দশক আগে। ধীরে ধীরে সেটির পরিধি বাড়তে থাকে। তার সঙ্গে যুক্ত হয়েছে আসবাব, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য। ২০১৬ সাল থেকে সরকারি কর্মচারী, শিক্ষক ও সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তিরা বৈশাখী ভাতা পেতে শুরু করেন। বেসরকারি কিছু ব্যাংকও ভাতা দিচ্ছে। সব মিলিয়ে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বৈশাখকেন্দ্রিক ছোট অর্থনীতির আকার বড় হতে থাকে। যদিও করোনার কারণে গত দুই বছর সেটি প্রায় থমকে ছিল। চলতি বছর আবার বৈশাখকেন্দ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো উৎসবকেন্দ্রিক। তার মধ্যে বৈশাখ গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখের অর্থনীতি ঘুরে দাঁড়ানোটা ইতিবাচক। দেশের অর্থনীতি এটির সুফল পাবে।খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো উৎসবকেন্দ্রিক। তার
মধ্যে বৈশাখ গুরুত্বপূর্ণ উৎসব। যদিও রোজার কারণে বৈশাখে যে মাত্রায় বেচাকেনা হওয়ার কথা ছিল, সেটি হয়নি। তা ছাড়া মূল্যস্ফীতি, প্রকৃত আয় কমে যাওয়া ও জীবনযাত্রা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিম্ন আয়ের অনেক মানুষ এই উৎসবে কেনাকাটা করতে পারেননি। তারপরও বৈশাখের অর্থনীতি ঘুরে দাঁড়ানোটা ইতিবাচক। দেশের অর্থনীতি এটির সুফল পাবে।
পয়লা বৈশাখে কত টাকার বাণিজ্য হয়, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে উৎসবের সঙ্গে বর্ষবরণের তফাত হচ্ছে, এ সময় দেশীয় পণ্য ক্রয়ে ক্রেতাদের ঝোঁক থাকে। তাই বৈশাখকেন্দ্রিক বেচাবিক্রিতে গ্রামীণ অর্থনীতি বেশ চাঙা হয়।
বৈশাখের পোশাক
বর্ষবরণ উৎসবে নতুন পোশাকের চাহিদাই সবচেয়ে বেশি থাকে। গতকাল মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। তবে তাঁদের বেশির ভাগই কিনছেন ঈদের পোশাক। বৈশাখী পোশাক কেনাবেচার আবহ কিছুটা মিলল আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশি দশ, আড়ংসহ কয়েকটি ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে।
বৈশাখ ও ঈদে তাঁতের পাশাপাশি ব্লকের পোশাকের চাহিদা রয়েছে। নিউমার্কেটের তিনতলায় শাড়ি ও থ্রি-পিসের ওপর ব্লক করার বেশ কয়েকটি দোকান আছে। তেমনি এক দোকানের কারিগর আবদুল্লাহ মাতব্বর বলেন, বৈশাখের কাজ তুলনামূলক কম। তবে রোজার শুরুর দিকে ঈদের কাজ ভালোই ছিল। কয়েক দিন ধরে আবার কাজ একটু কম। তারপরও গত দুই বছরের তুলনায় ব্যবসা বেশ ভালো বলতে হবে।
নিউমার্কেটের ফুটপাতে সারি সারি দোকানেও ক্রেতাদের ভিড় করছেন ক্রেতারা। মো. ইসমাইল নামের এক দোকানি বলেন, ‘মার্কেটের ভাও বুঝতাছি না। আগে তো ৪-৫ রোজায় ব্যবসা জমে যেত। এবার ১০ রোজা হয়ে গেল, কিন্তু বিক্রি সাধারণ সময়ের চেয়েও কম।’ আগামী সপ্তাহ থেকে ফুটপাতের ব্যবসা জমবে বলে তাঁর প্রত্যাশা।’
রাজধানীতে থাকা মানুষের মধ্যে বৈশাখী পোশাক কেনার আগ্রহ বেশি থাকায় বুটিক ও ফ্যাশন হাউসগুলো তিন-চার মাস আগে থেকেই প্রস্তুতি নেয়। তবে নববর্ষ ও ঈদ কাছাকাছি হওয়ায় অধিকাংশ বুটিক ও ফ্যাশন হাউস নতুন নকশার বৈশাখী পোশাক তৈরি করেছে ২০১৯ সালের তুলনায় ১০-২৫ শতাংশ। অনেকে আবার এমনভাবে পোশাকের নকশা করেছে, যাতে বৈশাখের পাশাপাশি ঈদেও সেটি বিক্রি করতে কোনো সমস্যা না হয়।
‘ঈদের কারণে বৈশাখের পোশাকের আয়োজনটা আমরা ছোট করেছি। যেটুকু করেছি, সেটির প্রতি মানুষের আগ্রহ আছে। আশা করছি, বৈশাখ ও ঈদের ব্যবসা মিলিয়ে করোনার আগের স্বাভাবিক বছরের মতোই ব্যবসা হবে।’শাহীন আহম্মেদ, এফইএবির সভাপতি
ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতি (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ) ২০১২ সালে একটি জরিপ করেছিল। জরিপের তথ্য অনুযায়ী, সারা দেশের ফ্যাশন হাউসে সারা বছর ছয় হাজার কোটি টাকার বেচাকেনা হয়। তার মধ্যে ৫০ শতাংশই হয় রোজার ঈদে। ২৫ শতাংশ হয় পয়লা বৈশাখে। বাকিটা সারা বছর। ছয় হাজার কোটি টাকার সেই বাজার গত এক দশকে অনেক বেড়েছে বলে জানালেন সমিতির নেতারা।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, বৈশাখ আমাদের সবচেয়ে সব সর্বজনীন উৎসব। তবে কাছাকাছি সময়ে ঈদ হওয়ায় আমরা প্রস্তুতি সেভাবেই নিয়েছিলাম। দুটি উৎসবেই পোশাক কেনার সামর্থ্য অনেকের নেই। সে জন্য বৈশাখের পোশাক এমনভাবে নকশা করেছি, যাতে সেগুলো ঈদেও পড়া যায়। তিনি আরও বলেন, করোনার ধকল শেষে সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বস্তি ফিরেছে। তাঁরা কেনাকাটা করছেন। বর্তমানে বিক্রির যে প্রবণতা, তাতে আশা করছি, ২০১৯ সালের চেয়ে বিক্রি বেশি হবে। তবে বৈশাখের বিক্রি আলাদা করে বলা সম্ভব নয়।
বৈশাখের ব্যবসা আবার ফিরছে বলে জানালেন এফইএবির সভাপতি শাহীন আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের কারণে বৈশাখের পোশাকের আয়োজনটা আমরা ছোট করেছি। যেটুকু করেছি, সেটির প্রতি মানুষের আগ্রহ আছে। আশা করছি, বৈশাখ ও ঈদের ব্যবসা মিলিয়ে করোনার আগের স্বাভাবিক বছরের মতোই ব্যবসা হবে।’
বৈশাখের হালখাতা
হালখাতার চল অনেকটা ফিকে হলেও পুরান ঢাকার অনেক ব্যবসায়ী এখনো নতুন খাতা খুলে বছর শুরু করেন। মিষ্টি-নিমকি দিয়ে ক্রেতা ও বন্ধুবান্ধবকে আপ্যায়ন করার ঐতিহ্যটি এখনো টিকে আছে। আবার নববর্ষের দিন ছুটি থাকলে পরদিন মিষ্টি খাওয়ার চল তৈরি হয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলোতে। সব মিলিয়ে মিষ্টির ব্যবসা বেশ ভালোই চলে। তবে রোজার কারণে চলতি বছর মিষ্টির ব্যবসায় কিছুটা হলেও ভাটা পড়েছে।
প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান বঙ্গ বেকারসের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের সারা দেশে ১২১টি বিক্রয়কেন্দ্র রয়েছে। তাদের মিষ্টি উৎপাদিত হয় কালীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, ফেনী, ভৈরব, ঈশ্বরদী ও দিনাজপুরে। দিনে তাদের কারখানাগুলোতে সম্মিলিতভাবে মিষ্টির উৎপাদনসক্ষমতা ১০ টন।
জানতে চাইলে বঙ্গ বেকারসের উপমহাব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘করোনার আগে স্বাভাবিক সময়ে বৈশাখে আমরা সাত-আট টন মিষ্টির ক্রয়াদেশ পেয়েছি। এবার রোজার মধ্যে বৈশাখ উদ্যাপিত হওয়ায় ক্রয়াদেশ কিছুটা কম। তারপরও বুধ ও বৃহস্পতিবার পাঁচ-ছয় টন মিষ্টি বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। এ ছাড়া দু-তিন টন মিষ্টির করপোরেট ক্রয়াদেশও এসেছে।’
মিষ্টির আরেক ব্র্যান্ড রসের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আলী নেওয়াজ বলেন, ‘রোজার কারণে বৈশাখকেন্দ্রিক মিষ্টির করপোরেটর ক্রয়াদেশ খুবই সামান্য এসেছে। তবে আমাদের প্রত্যাশা, নববর্ষের দিন বিক্রয়কেন্দ্রে অন্যান্য দিনের চেয়ে ২০-৩০ শতাংশ বেশি বিক্রি হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
‘বৈশাখের ইলিশ বিক্রি এখনো সেভাবে জমেনি। ২০ মণ ইলিশ হিমায়িত করে সংরক্ষণ করেছিলাম। তার মধ্যে ২০ শতাংশ বিক্রি করতে পেরেছি। আশা করছি, বাকিটাও বিক্রি করতে পারব।’মো. সুমন ইসলাম, মাছবিক্রেতা
বৈশাখের পান্তা-ইলিশ
এদিকে ঐতিহ্যের সঙ্গে কোনোরকম যোগাযোগ না থাকলেও বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে পান্তা-ইলিশ। এ জন্য চৈত্রের মাঝামাঝি থেকে কাঁচাবাজারে ইলিশ কেনার ধুম পড়ে। অসময়ে ইলিশের চাহিদাকে পুঁজি করে দাম বাড়ান মাছ ব্যবসায়ীরা। রোজার কারণে এবার পান্তা-ইলিশের উৎসব হবে না। তাই ইলিশের চাহিদা কম। তারপরও ইলিশের দাম চড়া।
রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা গতকাল এক কেজি ওজনের একেকটি ইলিশ বিক্রি করেন ১২০০-১৫০০ টাকায়। আর ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৮৫০-১১০০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, জাটকা সংরক্ষণের জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলায় ইলিশ ধরা বন্ধ। বর্তমানে যেসব ইলিশ বিক্রি হচ্ছে, তার অধিকাংশই বেশ কিছুদিন আগে হিমায়িত করা।
মাছবিক্রেতা মো. সুমন ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বৈশাখের ইলিশ বিক্রি এখনো সেভাবে জমেনি। ২০ মণ ইলিশ হিমায়িত করে সংরক্ষণ করেছিলাম। তার মধ্যে ২০ শতাংশ বিক্রি করতে পেরেছি। আশা করছি, বাকিটাও বিক্রি করতে পারব।’
‘রোজার ঈদে টেলিভিশনের বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় ৩০-৩৫ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়া এসি, হোম থিয়েটার, ক্যামেরাসহ বিভিন্ন পণ্যের বিক্রি বাড়ে। গরমের কারণে ইতিমধ্যে এসির বিক্রি বেশ বেড়েছে। অন্যান্য পণ্যের বিক্রি আশা করছি পয়লা বৈশাখের পর বাড়বে।’জানে আলম, র্যাংগস ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক
পোশাক, মিষ্টি ও ইলিশের পাশাপাশি বৈশাখে আসবাবের ব্যবসাও কিছুটা চাঙা হয়। একই সঙ্গে ঈদ যুক্ত হওয়ায় আসবাবের বিভিন্ন ব্র্যান্ড ক্রেতাদের টানতে মূল্যছাড় দিয়েছে। তবে আসবাবের ব্যবসা সেভাবে জমেনি বলে জানালেন ব্যবসায়ীরা।
হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘করোনার পর আমরা ভালো ব্যবসার আশা করেছিলাম। তবে সরঞ্জামের মূল্যবৃদ্ধি এবং ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাবে সেটি হয়নি। তা ছাড়া মানুষের আয় বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে তাদের ক্রয়ক্ষমতা কমেছে। তারপরও বিক্রয়কেন্দ্রে ক্রেতাদের আনাগোনা আছে। গত দুই বছরের তুলনায় বিক্রি ভালো হলেও ২০১৯ সালের চেয়ে অনেক কম।’
এদিকে উৎসবের হাওয়া লেগেছে ইলেকট্রনিক পণ্যের বিক্রিতেও। গরমের কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির বিক্রি বেড়েছে। তার সঙ্গে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ক্যামেরার মতো শৌখিন জিনিসের বিক্রিও বাড়তে শুরু করেছে বলে জানালেন ব্যবসায়ীরা।
র্যাংগস ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক জানে আলম প্রথম আলোকে বলেন, ‘রোজার ঈদে টেলিভিশনের বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় ৩০-৩৫ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়া এসি, হোম থিয়েটার, ক্যামেরাসহ বিভিন্ন পণ্যের বিক্রি বাড়ে। গরমের কারণে ইতিমধ্যে এসির বিক্রি বেশ বেড়েছে। অন্যান্য পণ্যের বিক্রি আশা করছি পয়লা বৈশাখের পর বাড়বে।’
বৈশাখ ও ঈদ মিলে এবার ২০১৯ সালে চেয়ের বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন ইলেকট্রা ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন বলেন, এসির বিক্রি গত দুই বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। তা ছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে টিভি ও ফ্রিজের বিক্রি ৫-১০ শতাংশ বাড়বে। সবাই এখন পোশাক কেনায় ব্যস্ত। সেটি শেষ হলেই অনেকেই ইলেকট্রনিক পণ্যের দোকানে ঢুঁ দেবেন বলে প্রত্যাশা তাঁর।