বৈশাখী ইলিশই এপ্রিলে মূল্যস্ফীতি বাড়িয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ

বৈশাখী ইলিশের দাম বৃদ্ধিকেই গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে দুষলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর মতে, বৈশাখী ইলিশই এপ্রিল মাসের মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। ব্যাপক চাহিদা অনুযায়ী ইলিশের জোগান পাওয়া যায়নি, তাই ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য অনুযায়ী, মাসওয়ারি ভিত্তিতে (পয়েন্ট টু পয়েন্ট) আগের মাসের তুলনায় এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৬ দশমিক ৩২ শতাংশ হয়েছে। গত মার্চ মাসে এ হার ছিল ৬ দশমিক ২৭ শতাংশ।
বিবিএসের হালনাগাদ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করতে গতকাল বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এবার ঢাকাসহ সারা দেশে পয়লা বৈশাখ যেভাবে পালিত হয়েছে, তা ছিল অভূতপূর্ব। এটা এখন বাঙালি জীবনে একটা সর্বজনীন রূপ পেয়েছে। এর ফলে আমাদের অর্থনীতিতে একটা তাৎক্ষণিক চাহিদার সৃষ্টি হয়, যা জোগান দিতে গিয়ে অস্থায়ী ভিত্তিতে কিছুটা মূল্যস্ফীতি হয়। এ জন্যই এপ্রিলে আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি বেড়ে গেছে।’
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান আরও ব্যাখ্যা দিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলোতে উৎসবের সময়েও পোশাকের চেয়ে খাদ্যপণ্যই বেশি কেনা হয়। তাই এ সময়ে খাদ্যবহির্ভূত খাতের চেয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়ে।
বিবিএসের হিসাবমতে দেখা গেছে মাছ, মাংস, শাকসবজি, ফল, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে দশমিক ১২ শতাংশ বেড়েছে। আর পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক ০৫ শতাংশ।
বিবিএসের হিসাবমতে, এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। মার্চ মাসে এর হার ছিল ৬ দশমিক ৩৭ শতাংশ। আর এপ্রিল মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে ৬ দশমিক ০৮ শতাংশ হয়েছে। মার্চ মাসে এর হার ছিল ৬ দশমিক ১২ শতাংশ।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রাম ও শহরের মানুষের ওপর আগের চেয়ে বেশি মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়েছে। তবে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। এপ্রিল মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, আর গ্রামে এ হার ছিল ৬ দশমিক ০৩ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরিহার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে জাতীয় মজুরিহার সূচক ছিল ৯১৬৯, যা ২০১৪ সালের এপ্রিল মাসের তুলনায় ৯ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। এর মানে হলো যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।
ড. ইউনূস প্রসঙ্গে: গতকালের সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গটি আসে। প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের বিনিয়োগ না হওয়াতে মুহাম্মদ ইউনূসের ভূমিকাকে দায়ী করেছেন— এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক একসময় দুর্নীতির অভিযোগ তুলেছিল, যা পরে প্রমাণিত হয়নি। তাহলে প্রশ্ন হলো, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক বিনিয়োগ করল না কেন? এর কারণটি দেশবাসীর জানা উচিত। এই বিতর্কে ড. ইউনূসের নামও এসেছে। আমার মতে, তাঁর (ড. ইউনূস) উচিত এ বিষয়ে জাতিকে তাঁর অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা। ভালো-মন্দ মিলিয়ে তিনি এ দেশেরই মানুষ। তিনি যদি এমন কোনো কাজ করেন যার জন্য দেশের ক্ষতি হবে, এটা কখনোই কাম্য হতে পারে না।’
মুহাম্মদ ইউনূস বললেই যদি বিশ্বব্যাংক বিনিয়োগ বন্ধ করে তাহলে তিনি বিশেষ কেউ কি—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ড. ইউনূস বললেই যদি বিশ্বব্যাংক পদ্মা সেতুতে বিনিয়োগ বন্ধ করে দেয় তবে তো তিনি অবশ্যই বিশেষ কেউ। তবে এটা ঠিক পদ্মা সেতু যেহেতু দেশের উন্নয়নের কথা ভেবে করা হয়েছে, এ ক্ষেত্রে তাঁর এগিয়ে আসা উচিত ছিল।