বৈশাখী বেচাকেনা এবার দুই দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে নতুন পোশাক এখন নগরবাসীর অন্যতম অনুষঙ্গ। উৎসবে নিজেকে রাঙিয়ে নিতে ফ্যাশন-সচেতনরা রাজধানীর বিভিন্ন বুটিক হাউসে ভিড় করেন। জমজমাট ব্যবসার আগে প্রতিবছরই ব্যাপক প্রস্তুতি নেন বিক্রেতারা। দেশীয় অনুষঙ্গে বৈচিত্র্যময় পোশাক তৈরি করেন তাঁরা।এ পর্যন্ত সব ঠিকঠাক আছে। তবে এবার ঘটনা উল্টো। টানা হরতালে ক্ষুদ্র ও মাঝারি পোশাক ব্যবসায়ীদের মাথায় হাত। নববর্ষের প্রকৃত বেচাকেনা হয়েছে মাত্র দুই দিন—গত শুক্র ও গতকাল শনিবার। অবশ্য এই দুই দিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের নববর্ষের কেনাকাটা করতে দেখা যায়। একাধিক পোশাক ব্যবসায়ী জানান, ঈদের পর পয়লা বৈশাখেই সবচেয়ে বেশি বেচাবিক্রি হয়। এ জন্য সাধ্যমতো টাকা লগ্নি করে বৈচিত্র্যময় নকশার পোশাক তৈরি করান। এ জন্য মাস ছয়েক আগ থেকেই প্রস্তুতি নেন। তবে হরতাল আর রাজনৈতিক সহিংসতায় গতবারের চেয়ে এবার ৬০ থেকে ৬৫ শতাংশ কম বিক্রি হয়েছে। জানা যায়, আড়ং, অঞ্জন’স, অন্যমেলা, দেশাল, বিবিয়ানা, কে-ক্রাফট, স্বপ্নবাজ, গাওগেরাম, প্রবর্তনা, নিত্য উপহার, নাগরদোলা, রঙ, সাদাকালো, বাংলার মেলা, ঐতিহ্য, রূপকথা, নিপুণসহ প্রায় সব হাউসই এবারের পয়লা বৈশাখে নিয়ে এসেছে হাতের কাজ করা বৈশাখী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট।গতকাল শাহবাগের আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরার দেশী দশ ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। ক্রেতাদের অধিকাংশ তরুণ-তরুণী। এবার বৈশাখী শাড়ি ৮০০ থেকে পাঁচ হাজার টাকা, পাঞ্জাবি ৭০০ থেকে এক হাজার ৫০০ টাকা, টি-শার্ট ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ব্যবসায়ীরা জানান, এবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেয়েদের শাড়ি আর ছেলেদের টি-শার্ট ও ফতুয়া। আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস রূপকথার স্বত্বাধিকারী কমল পাল গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হরতালে ক্রেতা কম এসেছেন। তা ছাড়া ঢাকার বাইরের পাইকারেরাও ঠিকমতো আসতে পারেননি। ফলে বিক্রি কম হয়েছে। তবে শুক্র ও শনিবারে কিছুটা পুষিয়ে গেছে।’ অবশ্য ফ্যাশন হাউস দেশালের কর্ণধারদের একজন কনক আদিত্য বলেন, পয়লা বৈশাখের ব্যবসায় এবার পোশাক ব্যবসায়ীরা ‘খুন’ হয়ে গেছেন। গত দুই দিন একটু বিক্রি হওয়ায় তাঁতিদের টাকা আর অন্যান্য খরচ মেটানো যাবে। এটা না হলে ব্যবসায়ীরা আর দাঁড়াতে পারতেন না।কনক আদিত্য আরও বলেন, ‘ঈদের পর নববর্ষের আগে এখন সবচেয়ে বেশি বিক্রি হয়। একসময় হয়তো বৈশাখের বিক্রি ঈদকেও ছাড়িয়ে যাবে। তবে এবারের বেচাকেনায় আমরা হতাশ।’ বৈশাখে পোশাকের পাশাপাশি গয়নার দিকেও ঝোঁকেন তরুণীরা। এবারও তার ব্যতিক্রম নেই। কাঠ, পুঁতি, মাটি ও ধাতুর তৈরি গয়নার সঙ্গে প্লাস্টিক, কাঠের বোতাম ও সুতার তৈরি নানা ডিজাইনের কানের দুল এবং গলার মালা এবার ছিল বেশ জনপ্রিয়। এসব গয়না কিনতে নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটে ঢুঁ মারতে দেখা যায় তরুণীদের। তবে বিভিন্ন ফ্যাশন হাউসও বিক্রি করেছে রুপা, পিতল, কাঁসা ও হরেক রকম পাথরের গয়না। পুরান ঢাকায় হালখাতা: পয়লা বৈশাখ ১৪২০ বাংলা নববর্ষের ‘হালখাতা’। তাই পুরোনো হিসাব চুকিয়ে ফেলার ধুম পড়েছে পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের স্বর্ণের দোকান, শ্যামবাজারের আড়ত এবং ইসলামপুরের কাপড়ের দোকানে।চৈত্র মাসের শুরু থেকেই ব্যবসায়ীরা তাঁদের নিয়মিত ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজ শুরু করেছেন। এ জন্য ব্যবসায়ীরা নিমন্ত্রণ কার্ড ছাপিয়েছেন। দু-তিন ধরে চলছে ধোয়ামোছার কাজ। ব্যবসায়ীরা জানান, পুরান ঢাকার হালখাতা উৎসব মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বেশি উদ্যাপিত হয়। সাধারণত পঞ্জিকার তারিখ অনুযায়ী পয়লা বৈশাখের দিন হালখাতা করা হয়। পঞ্জিকার হিসাবে কাল সোমবার পয়লা বৈশাখ। তাই কাল সকালে দোকানগুলো ফুলে ফুলে সাজানো হবে। বাদ্যবাজনা থাকবে। আমন্ত্রিত অতিথিদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে। সুনীল সরকার নামে তাঁতীবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী জানালেন, স্বর্ণের লাগামছাড়া দাম আর হরতালে ব্যবসায় মন্দা চলছে। তাই হালখাতা উৎসবে আগের মতো জৌলুশ নেই। নিয়ম রক্ষার জন্য হালখাতা করতে হবে।