পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষের শুভেচ্ছাস্বরূপ একটি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান এবার তার অংশীদার ও শুভানুধ্যায়ীদের উপহারসামগ্রী পাঠিয়েছে। উপহার পাঠানো হয় একটি ডালায় ভরে। প্রতিটি ডালায় ছিল আস্ত ইলিশ! সঙ্গে মিষ্টান্ন আর শুভেচ্ছা কার্ড।
একেকটি উপহারের ডালার জন্য ওই প্রতিষ্ঠানের বাজেট তিন হাজার টাকা। শুভেচ্ছা পাঠানোর পাশাপাশি নতুন বছরে পারস্পরিক সম্পর্ক বাড়ানোই এই উপহার পাঠানোর উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিষয়টি প্রথম আলোকে জানালেও নিজের এবং প্রতিষ্ঠানের নাম গোপন রাখার অনুরোধ করেন তিনি।
কয়েক বছর ধরেই দেশের বেশ কিছু করপোরেট ব্যবসাপ্রতিষ্ঠান বিভিন্ন উপলক্ষে উপহার পাঠিয়ে আসছে। করপোরেট জগতে এর নাম ‘স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট’।
নিজেদের উদ্যোগেই দেশের করপোরেট জগতে উপহার ও শুভেচ্ছা পাঠানোর এই সংস্কৃতি চালু হলেও এখন এতে যোগ হয়েছে পেশাদারি আর সৃজনশীলতা। করপোরেট প্রতিষ্ঠানের উপহার পাঠানোর এই কাজটি করতে দেশে গড়ে উঠেছে বেশ কয়েকটি পেশাদারি প্রতিষ্ঠানও। এর বিনিময়ে অবশ্য নির্দিষ্ট অঙ্কের অর্থও নিয়ে থাকে এসব প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে পাঠানো এসব উপহারে এক ধরনের লোকজ আমেজ আনার চেষ্টা করা হয়। বাঙালি সংস্কৃতির ছোঁয়া নিশ্চিত করতে দেশিয় ফুল, ফল, শাড়ি, পাঞ্জাবি, রসগোল্লার সঙ্গে এখন এ দেশের জাতীয় মাছ ইলিশও উপহার তালিকায় থাকছে।
উপহারের ধরন কেমন হবে, তালিকায় কী কী থাকবে—তার সবই নির্ভর করে সংশ্লিষ্ট কোম্পানির বাজেটের ওপর। করপোরেট প্রতিষ্ঠানগুলোয় এখন বিভিন্ন উৎসবের জন্য আলাদা বরাদ্দও রাখা হয়। যেমন, বড় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান পয়লা বৈশাখ, ইংরেজি নববর্ষ, দুই ঈদসহ বিভিন্ন উপলক্ষে বছরে অন্তত পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ করে থাকে বলে জানা গেছে।
বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পক্ষে উপহারসামগ্রী পাঠানোর কাজ করে থাকে এমন একটি প্রতিষ্ঠান হলো প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক এম এ এহসান ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘উৎসবকে কেন্দ্র করে উপহার পাঠানোর সঙ্গে একটি করপোরেট প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তির বিষয়টি জড়িত। এই কাজটি সম্পূর্ণ পেশাদারির সঙ্গে আমরা করে থাকি।’
এহসান ফয়সাল আরও জানান, মানসম্পন্ন উপহারসামগ্রী দিয়ে একটি ডালা তৈরিতে এখন কমপক্ষে এক হাজার টাকা খরচ পড়ে। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড—এই দুই ধরনের বাজেট অনুযায়ী একটি প্রতিষ্ঠানের জন্য দুই শ্রেণিতে উপহারের ডালা তৈরি করা হয়। প্রিমিয়াম ডালা তৈরিতে কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ পড়ে। আর স্ট্যান্ডার্ড ডালায় খরচ পড়ে এক থেকে দেড় হাজার টাকা।
জানা গেছে, রাজধানীর নীলক্ষেত ও কাটাবন এলাকার বেশ কয়েকটি দোকান ডালাসহ উপহারের বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে। উপহার হিসেবে রং করা হাঁড়িতে রসগোল্লা, মাছসদৃশ কুলায় কদমা, বাতাসা, হাতি-ঘোড়া আকৃতির মিষ্টান্ন, ডুগডুগি ও ঢোলের মতো উপহার কিনে সুন্দর করে মোড়কজাত করে দেয় এসব দোকান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও বাণিজ্যিকভাবে করপোরেট প্রতিষ্ঠানের ফরমায়েশ অনুযায়ী বাংলা নববর্ষের বিভিন্ন উপহার তৈরি করে দেয়। এ ছাড়া পয়লা বৈশাখকেন্দ্রিক শুভেচ্ছা কার্ড তৈরির ব্যবসাও এ সময়ে বেশ জমে ওঠে।