বৈশাখে দেড় হাজার কোটি টাকার পোশাক বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পয়লা বৈশাখকে ঘিরে দেশের ফ্যাশন হাউসগুলোতে দেড় হাজার কোটি টাকার পোশাক বিক্রি হয়েছে। ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাশন উদ্যোগ) এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলছেন, ভারত ও পাকিস্তান থেকে অবৈধভাবে আসা পোশাক বিক্রি না হলে তাদের বিক্রি আরও বাড়ত। এসব পোশাক আসন্ন ঈদকেন্দ্রিক বেচা-বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
রাজধানীর গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডে ফ্যাশন উদ্যোগের কার্যালয়ে আজ শনিবার বিকেলে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলেন সমিতির নেতারা।
সভায় ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক বলেন, এবারের বৈশাখকে কেন্দ্র করে আনুমানিক দেড় হাজার কোটি টাকার পোশাক বিক্রি হয়েছে। গত বছরের বৈশাখের চেয়ে এবার ৩০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। তবে তাঁর অভিযোগ, বৈশাখে যখন দেশীয় পোশাকের বাজার বড় হচ্ছে, তখন এবারই প্রথম ভারত থেকে নববর্ষকে সামনে রেখে প্রচুর পোশাক অবৈধভাবে দেশে প্রবেশ করেছে। ফলে এ খাতের সঙ্গে জড়িত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ঈদকে ঘিরে উদ্যোক্তাদের বেচা-বিক্রি নিয়ে শঙ্কিত করে তুলেছে।
সভায় ফ্যাশন উদ্যোগের সহসভাপতি শাহীন আহমেদ ও আশরাফুর রহমান, পরিচালক ফজলুল হক, কোষাধ্যক্ষ সৌমিক দাস প্রমুখ বক্তব্য দেন।