বৈশাখে সরব চট্টগ্রামের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শত বছর ধরে বৈশাখের উৎসবের মূল আকর্ষণ ছিল জব্বারের বলীখেলা ও মেলা। ১২ বৈশাখ বলীখেলা ঘিরে তিন দিনব্যাপী মেলায় মাটির তৈজসপত্রসহ কুটির শিল্পের পণ্য বেচাকেনা হতো। ৩৯ বছর আগে নগরের ডিসি হিলে বৈশাখ উদ্যাপন শুরু হলে উৎসবে যোগ হয় নতুন মাত্রা। এর সঙ্গে এক দশক ধরে নগরের সিআরবি, শিল্পকলা একাডেমি, শহীদ মিনার, পতেঙ্গা সৈকতসহ অনেক এলাকায় বৈশাখের উৎসব হচ্ছে।
পয়লা বৈশাখ ঘিরে চট্টগ্রামে কয়েক বছর ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। এখন ফুটপাতেও বৈশাখী পণ্যের বেচাকেনা হয়।
চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোর উদ্যোক্তারা জানান, রোজার ঈদের পরে বৈশাখে পোশাকের বেচাকেনা হয় সবচেয়ে বেশি।
ফ্যাশন হাউস ডলস হাউসের স্বত্বাধিকারী আইভি হাসান গতকাল বুধবার বলেন, এখন সব শ্রেণিপেশার মানুষ নতুন পোশাক কিনছে। বৈশাখের পোশাকের দামও কম।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছরের বৈশাখের চেয়ে এবার বিক্রি অন্তত ২০ শতাংশ বেড়েছে। এই সংগঠনের আওতায় নগরের ৩৫টি বড় বিপণিকেন্দ্র রয়েছে।
মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এবার বৈশাখের বোনাস পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত তিন-চার মাসে বেচাকেনায় স্থবিরতা এই উৎসব ঘিরে কেটে গেছে।
নববর্ষকে ঘিরে সবচেয়ে বেশি লেনদেন হতো চাক্তাই-খাতুনগঞ্জে। হালখাতা উৎসবকে কেন্দ্র করে বছরের শেষ দিন লেনদেনের হিসাব চূড়ান্ত করতেন ব্যবসায়ীরা। নববর্ষের দিন দেশের নানা জায়গা থেকে ব্যবসায়ীরা বকেয়া টাকা সঙ্গে করে নিয়ে আসতেন। নেওয়ার সময় পণ্য নিয়ে যেতেন। এখন নগদ টাকা দেওয়ার চল নেই। অনলাইন ব্যাংকেই পরিশোধ হয়ে যায় বকেয়া টাকা। তবু পয়লা বৈশাখ ঘিরে কিছুটা হলেও লেনদেন বাড়ে বলে জানালেন ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জের পুরোনো প্রতিষ্ঠান এমইউ ব্রাদার্সের স্বত্বাধিকারী মানিক চৌধুরী বলেন, ‘এখন নিয়ম রক্ষার খাতিরে পয়লা বৈশাখের দিন মিষ্টি বিতরণ করব। ব্যবসায়ীরাও আসবেন।’
খাতুনগঞ্জের আর এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহেদ উল আলম বলেন, ‘হালখাতার ঐতিহ্যে ছেদ পড়লেও এখনো পয়লা বৈশাখে হালখাতা ঘিরে লেনদেন বাড়ে। হিসাব-নিকাশের জন্য গত দুই সপ্তাহ লেনদেন কম ছিল। কাল (আজ) থেকে আবার বাড়বে’।