বৈশ্বিক অংশীদারত্বে ত্বরান্বিত হতে পারে এসডিজি বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈশ্বিক অংশীদারত্ব জাতীয় পর্যায়ে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারে।

এসডিজি বাস্তবায়ন পর্যবেক্ষণে গঠিত জাতিসংঘের উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ) ২০১৭-এর চলমান বার্ষিক সভার একটি অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শুক্রবার ‘এসডিজি বাস্তবায়নে আন্তঃসূত্রীয় প্রচেষ্টা’ শীর্ষক এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সিপিডি গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতিসংঘে গৃহীত বৈশ্বিক এজেন্ডা ২০৩০-এর দুটি মূল বৈশিষ্ট্য হলো, এতে নিহিত অভীষ্টগুলো (এসডিজি) পরস্পর সংযুক্ত এবং অবিচ্ছেদ্য। অর্থাৎ, একটিকে বাদ দিয়ে আরেকটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। বরং অর্জিত অভীষ্টের সুফল পাওয়ার জন্য সব অভীষ্টকে সংযুক্তভাবে বাস্তবায়নের কথা চিন্তা করা উচিত। তবে জাতীয় পর্যায়ে উন্নয়ন প্রচেষ্টার সফলতার জন্য বৈশ্বিক সহায়তা প্রতিশ্রুতির প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, উচ্চাভিলাষী এই বৈশ্বিক এজেন্ডা গৃহীত হওয়ার পর দুই বছর পার হলেও প্রতিশ্রুত অংশীদারত্বমূলক সহায়তা-সংক্রান্ত কোনো পদক্ষেপ এখনো সেভাবে দেখা যাচ্ছে না।

সিপিডির এই বিশেষ ফেলো বলেন, পিছিয়ে থাকা দেশগুলোর উন্নয়ন প্রচেষ্টায় বৈদেশিক অংশীদারদের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকে নিশ্চিত করা বা জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্য জাতিসংঘের হাতে কার্যত তেমন কোনো পদ্ধতি বা ব্যবস্থা নেই। তিনি মনে করেন, সদস্য রাষ্ট্রগুলোকে এসডিজি বাস্তবায়নের জাতীয় স্বেচ্ছা প্রণোদিত পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুতের যে নীতিমালা জাতিসংঘ থেকে দেওয়া হয়েছে, তাতে কিছু পরিবর্তন প্রয়োজন।

দেবপ্রিয় বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন দিক ও বর্তমান পরিস্থিতি উন্নয়নশীল দেশগুলোর দ্রুত প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য-সংক্রান্ত আলোচনা, অবৈধ অর্থ প্রবাহ, আন্তর্জাতিক করের ব্যবস্থা, প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু অর্থায়ন এবং মেধাস্বত্বের মতো বিষয়গুলো।

অধিবেশনে আরও বক্তব্য দেন ইউএনএইডসের নির্বাহী পরিচালক মিশেল সিদিবে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অর্থনীতি বিভাগের প্রধান চার্লস-আর্ডেন-ক্লার্ক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আইরিন খান। অধিবেশনটি সঞ্চালনা করেন ইউএন ফাউন্ডেশনের মিন্-থু ফাম। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মারি্য শাতার্দ্যোভা।