
বাংলাদেশে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) কার্যক্রমের ২০ বছর পূর্তি হচ্ছে এ বছর। এই উপলক্ষে আইসিসি বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ‘বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার: এশীয় পরিপ্রেক্ষিত’ বিষয়ক এই সম্মেলনে দেশ-বিদেশের মন্ত্রী, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, ব্যবসায়িক ও আইসিসির নেতারাসহ ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ অক্টোবর দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হবে। পরদিন সোনারগাঁ হোটেলে প্যালেনারি ও বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল বিষয় তুলে ধরতে বিজনেস সেশনকে চারটি পর্বে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ‘বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার: সমসাময়িক বাস্তবতা’, ‘এশীয় প্রবৃদ্ধি: বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো’, ‘বাণিজ্য: বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলনের ফলাফল কি ভবিষ্যতের প্রতিশ্রুতি ধরে রাখতে পারবে?’ এবং এশিয়ায় বিনিয়োগ উৎসাহিতকরণ।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিতুয়ি ও আইসিসির মহাসচিব জন ড্যানিলোভিচ উপস্থিত থাকবেন।
মাহবুবুর রহমান আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হতে চাই। সে জন্যই বিশ্বখ্যাত ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, মন্ত্রীদের অংশগ্রহণে এ ধরনের সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।’ তিনি মনে করেন, এটি দেশের ব্যবসায়িক নেতা ও নীতিনির্ধারকদের জন্য ব্যবসায়ের নতুন দিক উন্মোচন করবে। কারণ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্পর্কে মতামত প্রকাশ, সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টির পাশাপাশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলারও সুযোগ পাবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান, সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, আইসিসি বাংলাদেশের সচিব আতাউর রহমান প্রমুখ।
আইসিসি বাংলাদেশের এই সম্মেলনে সহ-আয়োজক হিসেবে আছে ডিসিসিআই, এমসিসিআই, সিসিসিআই, এফআইসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিআইএ, আইসিএবি ও এনসিসিআই।
মুক্তবাজার অর্থনীতি উৎসাহিতকরণ ও সীমান্ত অতিক্রম করে ব্যবসায়িক লেনদেনকে সহজ করার উদ্দেশ্যে ১৯১৯ সালে আইসিসি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ১৯৯৪ সালে বাংলাদেশে আইসিসির কার্যক্রম শুরু হয়।