বৈশ্বিক উদ্যোক্তা সূচকে ১৩৩তম বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোক্তা তৈরির সুযোগে বাংলাদেশ তলানির দেশগুলোর একটি। বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৭ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। অর্থাৎ শেষ পাঁচটি দেশের একটি হলো বাংলাদেশ। গত রোববার যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জিইডিআই) এ সূচক প্রকাশ করেছে। এ সূচকে বাংলাদেশের পেছনে আছে যথাক্রমে মৌরিতানিয়া, সিয়েরা লিওন, বুরুন্ডি ও চাদ।
একটি দেশের উদ্যোক্তাদের চিত্র, নতুন ব্যবসা শুরুর সুযোগ, নতুন উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও ঝুঁকি সহনশীলতা; অর্থনৈতিক স্বাধীনতা—এসব বিষয়ের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্কোর হলো ১১ দশমিক ৭৭ পয়েন্ট। আর তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের স্কোর ৮৩ দশমিক ৪।
বহির্বিশ্ব সম্পৃক্ততা, ঝুঁকি সহনশীলতা, নতুন পণ্য, নতুন উদ্যোক্তার দক্ষতা, মূলধনের ঝুঁকি, নেটওয়ার্কিং, উচ্চ প্রবৃদ্ধি, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, উদ্ভাবনী প্রক্রিয়া, প্রতিযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা, সুযোগ অনুধাবন এবং নতুন উদ্যোক্তার সুযোগ—মূলত ১৪টি বিষয় নিয়ে এ সূচকটি তৈরি করা হয়েছে। দেখা গেছে, বহির্বিশ্ব সম্পৃক্ততা, ঝুঁকি সহনশীলতা এবং নতুন পণ্য—এ তিনটি সূচকে সবচেয়ে খারাপ করেছে বাংলাদেশ। স্কোর দশমিক শূন্য ১ থেকে দশমিক শূন্য ২ পয়েন্ট।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ—দক্ষিণ এশিয়ার এ চারটি দেশ এ সূচকের তালিকায় আছে। যেখানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে ভারত। এক বছরের ব্যবধানে দেশটি ২৯ ধাপ এগিয়ে এ বছর ৬৯তম অবস্থানে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ৯৪ ও পাকিস্তান ১২২তম অবস্থানে রয়েছে।