রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস ট্র্যাজেডি
বৈশ্বিক চাপে ক্ষতিপূরণ প্রক্রিয়ায় কিছুটা অগ্রগতি হয়েছে
বাংলাদেশে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক ও রানা প্লাজা ভবন ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হয়েছে বলে মনে করছে নেদারল্যান্ডসভিত্তিক শ্রমিক অধিকার আন্দোলন ক্লিন ক্লথস ক্যাম্পেইন। তবে বিদেশি কিছু ক্রেতা প্রতিষ্ঠান, সরকার ও মালিকপক্ষের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে সংগঠনটি।
রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য প্রস্তাবিত ক্ষতিপূরণ তহবিলে দুই কোটি ডলার অনুদান পাওয়া গেছে। তাজরীনের জন্যও নতুন অনুদান পাওয়া গেছে।
দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন গোড়া থেকেই বলে আসছিল যে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের প্রত্যকের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের মূল দায়ভার বহন করতে হবে সেই সব বিদেশি প্রতিষ্ঠানকে, যাদের জন্য এসব কারখানায় পোশাক তৈরি করা হচ্ছিল।
এই দীর্ঘ আন্তর্জাতিক আন্দোলনের ফল অবশেষে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক করপোরেশন, যারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে থাকে, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে হতাহত শ্রমিকদের জন্য প্রতিষ্ঠিত ক্ষতিপূরণ তহবিলে অনুদান প্রদান চূড়ান্ত করেছে। এদের অন্যতম হলো ফরাসি সংস্থা ওশঁ ও নেদারল্যান্ডসের সি অ্যান্ড এ।
দেশের বাইরে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক পোশাকশ্রমিকদের আন্তর্জাতিক জোট ক্লিন ক্লথস ক্যাম্পেইন। ইউরোপের ১৬টি দেশের শ্রমিক ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন নিয়ে এই জোট গঠিত। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এই সংগঠনের মুখপাত্র সামান্থা মাহের বলেছেন, এ পর্যন্ত অর্জিত অগ্রগতি উল্লেখযোগ্য হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিদেশি তৈরি পোশাক আমদানিকারকদের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।
সামান্থা মাহের প্রথম আলোকে জানান, একাধিক বৃহৎ বহুজাতিক সংস্থা এখনো রানা প্লাজার জন্য গঠিত ক্ষতিপূরণ তহবিলে কোনো অর্থ প্রদান করেনি। এদের অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট ও ইতালির বেনেটন করপোরেশন। মাহের জানান, আগামী এপ্রিলে যখন রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর পূর্ণ হবে, তখনো যদি দেখা যায় কোনো বহুজাতিক কোম্পানি যার বার্ষিক আয় কয়েক বিলিয়ন ডলার, তারা রানা প্লাজার হতাহত শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য নির্ধারিত ৪০ মিলিয়ন ডলারের তহবিলে তাদের ন্যায্য অনুদান প্রদানে ব্যর্থ হয়েছে, তবে তা হবে পোশাকশিল্পের জন্য এক লজ্জাজনক ঘটনা। ‘এর ফলে প্রমাণিত হবে, এসব কোম্পানি শ্রমিকদের কল্যাণে মোটেই চিন্তিত নয় ও রানা প্লাজা ট্র্যাজেডির পরও আসলে অবস্থার কোনো পরিবর্তনই হয়নি’।
ক্লিন ক্লথস ক্যাম্পেইনের তথ্যানুসারে, রানা প্লাজায় হতাহত শ্রমিকদের শনাক্তকরণ সম্পন্ন হয়েছে। মোট দুই হাজার ৮৪৯ জন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য ক্ষতিপূরণের আবেদন করেন। এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৯৯ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, এসব খুব গুরুত্বপূর্ণ অগ্রগতি, কিন্তু পর্যাপ্ত অনুদান না পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নির্ধারিত অঙ্কে সাহায্য প্রদান সম্ভব হবে না। এ পর্যন্ত যে অনুদান মিলেছে, তার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রাপ্য অর্থের মাত্র ৪০ শতাংশ প্রদান সম্ভব বলে জানা গেছে। ক্লিন ক্লথস ক্যাম্পেইন জানিয়েছে, অনেক বস্ত্র বিক্রেতাই তাদের ওপর ধার্য অনুদান প্রদান করেনি। যেমন, ফরাসি কোম্পানি ওশঁ-এর বাংলাদেশের সঙ্গে ব্যবসার অনুপাতে অন্ততপক্ষে চার মিলিয়ন ইউরো বা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা উচিত। ক্লিন ক্লথস ক্যাম্পেইন বিশেষভাবে ইতালিয়ান কোম্পানি বেনেটন ও ফরাসি কোম্পানি কেয়ারফোরের নাম উল্লেখ করে বলেছে, এই দুটি সংস্থা বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম প্রধান ক্রেতা। তারা এ পর্যন্ত এই খাতে এক পয়সাও দেয়নি।
গ্যাপ ও ওয়ালমার্ট, যারা বাংলাদেশের তৈরি বস্ত্রের প্রধান আমদানিকারকদের অন্যতম, তারাও এ পর্যন্ত ক্ষতিপূরণ তহবিলে কোনো অনুদান প্রদান করেনি, সে ব্যর্থতার কড়া সমালোচনা করেছে নিউইয়র্কের খ্যাতনামা উদারনৈতিক সাপ্তাহিক নেশন।
সামান্থা মাহের প্রথম আলোকে জানান, রানা প্লাজা ও তাজরীনের ক্ষতিগ্রস্ত প্রত্যেক শ্রমিক যাতে ন্যায্য ক্ষতিপূরণ পান, সে জন্য তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। রানা প্লাজা ট্র্যাজেডির দ্বিতীয় বার্ষিকী সামনে রেখে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে।
সামান্থা মাহের বাংলাদেশ সরকার ও তৈরি পোশাক কোম্পানিগুলোর মালিকদের মন্থর ভূমিকার সমালোচনা করেন। তিনি জানান, প্রায় দুই বছর পরও রানা প্লাজা দুর্ঘটনার জন্য এখন পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের বিচারপর্ব এখনো শেষ হয়নি। দুর্ঘটনার জন্য ভবনের মালিক বা কারখানার মালিকদের কাউকেও কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি। একইভাবে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ ক্ষতিপূরণ প্রদানে ব্যর্থ হয়েছে।