বৈশ্বিক তহবিলে সরকার ও মালিকদের অর্থ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে বাংলাদেশ পোশাকশিল্প মালিক, মালিকদের সংগঠন ও সরকারকে অর্থ দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। রানা প্লাজা দুর্ঘটনার বছর পূর্তি সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় আইবিসি নেতারা জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য চার কোটি ডলার সংগ্রহের লক্ষ্যে একটি আন্তর্জাতিক ট্রাস্ট ফান্ড বা তহবিল গঠন করা হয়েছে। এরই মধ্যে এই তহবিলে বিদেশি ক্রেতারা এক কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছেন। কিন্তু এ দেশের শ্রমিকদের সহায়তায় গঠিত এই তহবিলে এ দেশের সরকার বা গার্মেন্ট মালিকেরা কোনো সহায়তা না করলে সেটি খুবই খারাপ নজির হবে।
শ্রমিকনেতারা বলেন, ‘আমরা আমার দেশের লোকের জন্য বিদেশিদের কাছ থেকে টাকা আনছি। অথচ আমার দেশের সরকার ও গার্মেন্ট মালিকেরা সহায়তায় এগিয়ে আসছেন না।’
শ্রমিকনেতা ও আইবিসির সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়ক জেড এম কামরুল আনাম। এতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, আইবিসি সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র ও অ্যাকর্ড বাংলাদেশের নির্বাহী পরিচালক রব ওয়েজ।
সভায় রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা এখন পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও কনভেনশনের ১২১ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বক্তারা তৈরি পোশাক খাতের বর্তমান কর্মপরিবেশ উন্নত ও শ্রমিকের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, জীবনমান উন্নয়ন ও একটু ভালোভাবে বাঁচতে মানুষ কর্মক্ষেত্রে যায়, কেউ সেখানে মরতে যায় না। তাই কর্মক্ষেত্রকে মৃত্যুকূপ হিসেবে টিকিয়ে রাখা যাবে না।
শ্রমিকের নিরাপত্তার স্বার্থে যেসব গার্মেন্ট কারখানা স্থানান্তর প্রয়োজন, সেগুলোর স্থানান্তরকালে শ্রমিকদের বেতন-ভাতা অব্যাহত রাখার এবং প্রতিটি কারখানায় শ্রমিক সংঘ গঠনের বিষয়টি নিশ্চিত করারও দাবি জানানো হয় সভায়।