বৈশ্বিক পর্যটনে শীর্ষ পাঁচ গন্তব্যের তিনটি এশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হিসেবে যে পাঁচটি শহরের নাম উঠে এসেছে, তার মধ্যে তিনটি এশিয়ার ও দুটি ইউরোপের।
প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক অর্থ লেনদেনব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড বিশ্বের ১৩২টি দেশকে নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের যে সূচক প্রস্তুত করেছে, তাতে এ চিত্র উঠে এসেছে।
এই সূচক অনুসারে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহর হলো লন্ডন। দ্বিতীয় স্থানে আছে ব্যাংকক। তৃতীয় স্থান প্যারিসের। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও দুবাই।
এ তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে নাম রয়েছে যথাক্রমে নিউইয়র্ক ও ইস্তাম্বুলের। অষ্টম, নবম ও দশম স্থান দখল করেছে এশিয়ার তিনটি শহর কুয়ালালামপুর, হংকং ও সিউল।
এ নিয়ে মাস্টারকার্ড চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ-গন্তব্যের এই তালিকা তথা সূচক প্রকাশ করল। বিশ্বে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ, বিলাসবহুল ভ্রমণ বা অবকাশ যাপনের সুব্যবস্থা ও ব্যবসায়িক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর কারণেই মূলত এসব শহর এখন ভ্রমণ-গন্তব্য হিসেবে জনপ্রিয়। বিশেষ করে শহরগুলোতে তথ্যপ্রযুক্তিসহ প্রয়োজনীয় সব ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিশ্চিত থাকায় ভবিষ্যতেও পর্যটকের সংখ্যা বাড়বে এমন ইঙ্গিতও রয়েছে মাস্টারকার্ডের বার্ষিক প্রতিবেদনে।
মাস্টারকার্ডের সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে যে চলতি বছর লন্ডনে মোট পর্যটকসংখ্যা দাঁড়াবে এক কোটি ৮৭ লাখ। শীর্ষ পাঁচে থাকা বাকি চারটি শহরের জন্য পূর্বাভাস হচ্ছে—ব্যাংককে এক কোটি ৬৪ হাজার, প্যারিসে এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার, সিঙ্গাপুরে ১২ দশমিক ৪৭ মিলিয়ন বা এক কোটি ২৪ লাখ ৭০ হাজার পর্যটক আসবেন।
মাস্টারকার্ডের আন্তর্জাতিক বাজারবিষয়ক সভাপতি অ্যান কেয়ার্নস এ প্রসঙ্গে বলেন, ‘মাস্টারকার্ডের এই সূচকে প্রতিফলিত হয়েছে যে বিশ্বে ব্যক্তিগত ও ব্যবসায়িক ভ্রমণের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। যেসব শহর অধিকতর সুযোগ-সুবিধাসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে অব্যাহতভাবে বিকশিত হচ্ছে, সেগুলোই মাস্টারকার্ডের এই বার্ষিক সূচকের শীর্ষ পর্যায়ে স্থান পেয়েছে।’