বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক রপ্তানির বিশ্ববাজারে বাংলাদেশের অংশ আরও বেড়েছে। বিশ্বে মোট পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশ এখন চার দশমিক ৮০ শতাংশ। আর রপ্তানিকারক শীর্ষ ১৫-এর তালিকায় তৃতীয় স্থানটিও অটুট রয়েছে।সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিসটিকস-২০১২’ দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে ২০১১ সালে বিশ্ববাণিজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে তৈরি পোশাক রপ্তানির বাজার পরিসংখ্যানও আছে।ডব্লিউটিওর পরিসংখ্যান অনুসারে, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে প্রথম স্থানে আছে চীন, যার অংশ ৩৭ দশমিক ৩০ শতাংশ। আগের বছর, মানে ২০১০ সালে এই অংশ ছিল ৩৬ দশমিক ৯০ শতাংশ। আর তার আগের বছর ছিল ৩৪ শতাংশ। বার্ষিক প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।যথারীতি দ্বিতীয় স্থানে আছে ২৭ দেশের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের হিস্যা সামান্য বেড়ে হয়েছে ২৮ দশমিক ২০ শতাংশ, যেখানে গতবার ছিল ২৮ দশমিক ১০ শতাংশ। বার্ষিক প্রবৃদ্ধির হার ১৬ শতাংশ।২০০৯ সালে বিশ্ব রপ্তানি বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ ছিল তিন দশমিক ৪০ শতাংশ। ২০১০ সালে তা শতকরা ২৫ ভাগ বেড়ে হয়েছে সাড়ে চার শতাংশ। এর ফলে ২০০৯ সালের পঞ্চম অবস্থান থেকে ২০১০ সালে বাংলাদেশ উঠে আসে তৃতীয় স্থানে। আর ২০১১ সালে শতকরা ২৭ ভাগ প্রবৃদ্ধি নিয়ে বিশ্ববাজারে অংশীদারি বেড়ে হয়েছে চার দশমিক ৮০ শতাংশ।ইইউর ২৭টি দেশকে আলাদা করলে অবশ্য এই তালিকায় বাংলাদেশের অবস্থান আসলে চীনের পরেই বা দ্বিতীয় স্থানে। ডব্লিউটিওর পরিসংখ্যান অনুসারে, ২০১১ সালে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি মূল্য দুই হাজার কোটি ডলার। আর গতবার ছিল এক হাজার ৬০০ কোটি ডলার। গতবার চতুর্থ স্থানে থাকা তুরস্ক নেমে গেছে পঞ্চম স্থানে। তার জায়গায় উঠে এসেছে ভারত। ২০১১ সালে বিশ্ববাজারে তুরস্কের তৈরি পোশাকের অংশ দাঁড়িয়েছে তিন দশমিক ৪০ শতাংশ, যেখানে তার আগের বার ছিল তিন দশমিক ৬০ শতাংশ। গতবারের পঞ্চম স্থানে থাকা ভারত ২০১১ সালে চতুর্থ স্থানে উঠে এসেছে। বিশ্ব রপ্তানি বাজারে ভারতের তৈরি পোশাকের অংশ আগের বারের তিন দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে সাড়ে তিন শতাংশে উন্নীত হয়েছে।ডব্লিউটিওর পরিসংখ্যান অনুসারে, এই সময়কালে ভারতের মোট রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ। শীর্ষ ১৫ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ভারতের রপ্তানি প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি হয়েছে। এর পরই অবশ্য বাংলাদেশ ও ভিয়েতনামের। উভয় দেশেরই রপ্তানি প্রবৃদ্ধি ২৭ শতাংশ। শীর্ষ ১৫ তালিকায় ষষ্ঠ স্থানে আছে ভিয়েতনাম। ডব্লিউটিওর এই পরিসংখ্যানে অবশ্য হংকংয়ের পোশাক রপ্তানির পরিমাণ উল্লেখ করা হলেও তা চীনে অভ্যন্তরীণ ও পুনঃরপ্তানি হিসেবে বিবেচনা করা হয়েছে। আর তাই শীর্ষ ১৫ তালিকায় রপ্তানির পরিমাণগত দিক থেকে হংকংয়ের অবস্থান তৃতীয় দেখা গেলেও বৈশ্বিক বাজারে হিস্যা খুবই নগণ্য (দশমিক ১০ শতাংশ)। শীর্ষ ১৫ দেশের তালিকায় সপ্তম থেকে শেষ পর্যন্ত দেশগুলো হলো যথাক্রমে ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া।যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ এখনো পাঁচ শতাংশের নিচে রয়েছে। তবে আগামী কয়েক বছরে তা যথেষ্ট বাড়ানোর সুযোগ রয়েছে। কেননা, চীন ধীরে ধীরে পোশাক রপ্তানি কমিয়ে দিচ্ছে।মোহাম্মদ হাতেম ব্যাখ্যা করে বলেন, চীনের রপ্তানি কমে গেলে বিশ্ববাজারে জোগানের ক্ষেত্রে যে বড় ধরনের শূন্যতা তৈরি হবে, তার অনেকটাই বাংলাদেশ পূরণ করতে সক্ষম। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামোগত সুবিধা। গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে সাম্প্রতিককালে নতুন শিল্পকারখানা সেভাবে হচ্ছে না, বরং পুরোনো কারখানাগুলো বিদ্যমান ক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু নতুন বিনিয়োগ ও কারখানা না হলে বাজার সম্প্রসারণ কঠিন হবে।