বৈশ্বিক ব্যবসা বিনিময়ের খবরে গ্ল্যাক্সোস্মিথের শেয়ারে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ খাতের বিশ্বখ্যাত দুই কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও নোভারটিস নিজেদের মধ্যে ব্যবসা বিনিময়ের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রকাশও হয়েছে। তারই প্রভাবে দুই দিন ধরে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লাইনের দাম বাড়ছে। নোভারটিস এ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত না হওয়ায় এটির কোনো প্রভাব জানা যায়নি।
গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে গ্ল্যাক্সোর প্রতিটি শেয়ারের দাম প্রায় ২০ টাকা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে এর প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৮০০ টাকায়।
ব্যবসা বিনিময়ের ঘোষণা অনুযায়ী, এক হাজার ৬০০ কোটি ডলারের বিনিময়ে ক্যানসারের প্রতিষেধক ব্যবসাটি নোভারটিসের কাছে স্থানান্তর করবে। এর বিপরীতে ৭১০ কোটি ডলারে নোভারটিসের কাছ থেকে ভ্যাকসিন বা টিকার একটি প্ল্যান্ট কিনে নেবে জিএসকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল এক হাজার ৫৫০ টাকা। চার কার্যদিবসে সেটির দাম ২৫০ টাকা বেড়েছে। এর মধ্যে গত দুই দিনেই বেড়েছে ২০০ টাকা।
এর আগে সিমেন্ট খাতের বিশ্বের সেরা দুই জায়ান্ট কোম্পানি লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার খবরে শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জের শেয়ারের দামেও ইতিবাচক প্রভাব দেখা যায়।
এদিকে মূলধন ঘাটতি মেটাতে অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে আইএফআইসি ব্যাংক। গতকাল এই সিদ্ধান্তটি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তাতে বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তী সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত হিসেবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, ১:১ হারে অধিকারমূলক শেয়ার ছাড়া হবে। অর্থাৎ বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়বে কোম্পানি। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য যোগ করে প্রতিটি অধিকারমূলক শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ২০ টাকা। গতকাল আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকায় এর কোনো প্রভাব দেখা যায়নি।
এ ছাড়া মূলধন ঘাটতি পূরণে ২৫০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংক। সাত বছর মেয়াদি এই বন্ডের সুদহার নির্ধারণ করা হয়েছে ১১ থেকে ১৩ শতাংশ।