বৈশ্বিক রপ্তানি আয়ের শীর্ষে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন পৃথিবীর বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ। ২০১১ সালে চীন বৈশ্বিক রপ্তানি থেকে প্রায় সাড়ে ১০ শতাংশ আয় করেছে। আর কোনো দেশের মোট রপ্তানি বৈশ্বিক অংশের ১০ শতাংশ বা তার ওপরে যায়নি।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিশ্ব বাণিজ্য প্রতিবেদন-২০১২ থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এবারের প্রতিবেদনের প্রতিপাদ্য হলো: একুশ শতকে অশুল্ক প্রতিবন্ধকতা।এতে দেখা যায়, ২০১১ সালে পরিমাণগতভাবে বৈশ্বিক রপ্তানি বেড়েছে ৫ শতাংশ। তবে মূল্যমানের (মার্কিন ডলার) হিসেবে বৈশ্বিক রপ্তানি বৃদ্ধির হার হয়েছে ১৯ শতাংশ।পরিমাণগতভাবে গত বছর সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে ভারতের। দেশটির রপ্তানির পরিমাণ বৃদ্ধির হার হয়েছে ১৬ দশমিক ১০ শতাংশ। অবশ্য ২০১০ সালে ভারতের রপ্তানির পরিমাণ বেড়েছিল ২২ শতাংশ।২০১১ সালে পরিমাণগত বৃদ্ধির দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে চীন। গত বছর চীনের রপ্তানির পরিমাণ বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা তার আগের বছর ছিল ২৮ দশমিক ৪০ শতাংশ।ডব্লিউটিওর প্রতিবেদন থেকে দেখা যায়, গত বছর বিশ্ববাজারে চীনের রপ্তানি থেকে আয় হয়েছে এক লাখ ৮৯ হাজার ৯০০ কোটি ডলার। এটি তার আগের বছরের রপ্তানি আয়ের তুলনায় ২০ শতাংশ বেশি।দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজার থেকে দেশটির রপ্তানি আয় হয়েছে এক লাখ ৪৮ হাজার ১০০ কোটি ডলার, যা বৈশ্বিক রপ্তানির ৮ দশমিক ১০ শতাংশ।প্রায় একই রপ্তানি আয় (এক লাখ ৪৭ হাজার ৪০০ কোটি ডলার) করায় জার্মানি আছে তৃতীয় স্থানে, যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৮ দশমিক ১০ শতাংশ। তবে রপ্তানি আয়ের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে রাশিয়ার। দেশটি গত বছর ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।অন্যদিকে রপ্তানি মূল্যমানের দিক দিয়ে ভারতের অবস্থান ১৯তম। দেশটি ২৯ হাজার কোটি ডলারের রপ্তানি আয় করেছে। তবে প্রবৃদ্ধির হার বেশ ভালো, ৩৫ শতাংশ।পণ্য আমদানিতে মূল্যের দিক থেকে শীর্ষস্থানে আছে যুক্তরাষ্ট্র। গত বছর বৈশ্বিক আমদানির ১২ দশমিক ৩০ শতাংশ ব্যয় করেছে দেশটি। আর কোনো দেশই আমদানি ব্যয়ে ১০ শতাংশ বা তার বেশি যেতে পারেনি। যুক্তরাষ্ট্র গত বছর সারা দুনিয়া থেকে পণ্য আমদানির জন্য দুই লাখ ২৬ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে, যা ২০১০ সালের চেয়ে ১৫ শতাংশ বেশি।দ্বিতীয় স্থানে চীন, যার পণ্য আমদানি ব্যয় এক লাখ ৭৪ হাজার ৩০০ কোটি ডলার; যা বৈশ্বিক আমদানির সাড়ে ৯ শতাংশ। জার্মানির অবস্থান তৃতীয়। এক লাখ ২৫ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি, যা বৈশ্বিক আমদানির ৬ দশমিক ৮০ শতাংশ।অন্যদিকে সেবা খাতের রপ্তানিতে সমন্বিতভাবে শীর্ষে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর অর্থমূল্য ৭৮ হাজার ৯০০ কোটি ডলার, যা বৈশ্বিক রপ্তানির ২৪ দশমিক ৮০ শতাংশ।এরপর যথাক্রমে আছে যুক্তরাষ্ট্র (৫৭ হাজার ৮০০ কোটি ডলার), চীন (১৮ হাজার ২০০ কোটি ডলার), ভারত (১৪ হাজার ৮০০ কোটি ডলার) এবং জাপান (১৪ হাজার ৩০০ কোটি ডলার)।