বৈশ্বিক র্যা ঙ্কিংয়ে বাংলাদেশকে উন্নতি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থনীতি সমিতির লোকবক্তৃতা অনুষ্ঠানে পোল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গ্রেগর্গ ডব্লিউ কোলদকোকে ‘আজীবন সম্মানীয়’ সদস্যপদের সম্মাননা তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
বাংলাদেশ অর্থনীতি সমিতির লোকবক্তৃতা অনুষ্ঠানে পোল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গ্রেগর্গ ডব্লিউ কোলদকোকে ‘আজীবন সম্মানীয়’ সদস্যপদের সম্মাননা তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ব্যবসা-বাণিজ্য ও দুর্নীতি-বিষয়ক প্রতিবেদন ও ক্রমতালিকায় (র্যা ঙ্কিং) বাংলাদেশের অবস্থান সব সময়ই পেছনের দিকে থাকে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের অন্যান্য দেশের কাছে তাই ইতিবাচক নয়। এ অবস্থা পরিবর্তনে বিভিন্ন আন্তর্জাতিক র্যা ঙ্কিংয়ে বাংলাদেশকে উন্নতি করার তাগিদ দিয়েছেন পোল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী গ্রেগর্গ ডব্লিউ কোলদকো।
বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক লোকবক্তৃতা অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন পোল্যান্ডের এই অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ লোকবক্তৃতার শিরোনাম ছিল ‘বিশ্ব কোন দিকে যাচ্ছে: ভবিষ্যতের রাজনৈতিক অর্থনীতি’। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ।
বক্তৃতার আগে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত গ্রেগর্গ ডব্লিউ কোলদকোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন। এরপর অর্থনীতি সমিতির পক্ষে তাঁকে ‘আজীবন সম্মানীয়’ সদস্যপদের সম্মাননা তুলে দেওয়া হয়।
গ্রেগর্গ কোলদকো বলেন, বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৪ আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩৯। বাংলাদেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই এসব প্রতিবেদন তৈরি করা হয়। ব্যবসায়ীরা যখন ব্যবসার পরিবেশ ও দুর্নীতি সম্পর্কে এমন মতামত দেন, তখন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত।
নিজের দেশ পোল্যান্ডের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে করণীয় সম্পর্কে কোলদকো বলেন, অর্থনৈতিক উন্নয়নে নিজস্ব উৎস থেকে তহবিল সংগ্রহে বেশি জোর দিতে হবে। এ জন্য ব্যাংক খাতে বৈচিত্র্য বাড়ানো, পুঁজিবাজার শক্তিশালী করা, অভ্যন্তরীণ সঞ্চয় বাড়াতে হবে। বিদেশি ঋণের ওপর নির্ভরতা যতটা সম্ভব কম রাখার পরামর্শও দেন তিনি।
ভবিষ্যতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে পোল্যান্ডের কজমিনস্কি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দিয়ে একটি দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হওয়ার ধারণা আজকের যুগে অচল। উন্নয়নের জন্য অর্থনীতির সঙ্গে সমাজ ও পরিবেশগত পরিবর্তনগুলোকে যুক্ত করতে হবে, যা শুধু জিডিপি প্রবৃদ্ধি দিয়ে সম্ভব নয়।
বিশ্বায়নের প্রভাব সম্পর্কে গ্রেগর্গ কোলদকো বলেন, ‘আমাদের পছন্দ হোক বা না হোক, অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশ্বায়ন একটি অবশ্যম্ভাবী প্রক্রিয়া। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোজোনের পতন হলে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে।’ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে মানবসম্পদ উন্নয়নে জোর দিতে বলেন তিনি।