বৈশ্বিক হিসাবের চেয়ে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ ভালো
চলতি ২০১২ সালের প্রথমার্ধে বিশ্বে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৮ শতাংশ কমলেও বাংলাদেশে তা তুলনামূলকভাবে অনেক কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটার্ডের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। খবর বাসসের। ইউনাইটেড নেশন্স করফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটার্ড) ওই প্রতিবেদনের বৈশ্বিক বিনিয়োগ-বাণিজ্যপ্রবণতা বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশে এফডিআইয়ের প্রবাহের পরিমাণ ছিল ৪৩ কোটির মার্কিন ডলার, যা আগের ২০১১ সালের একই সময়ের চেয়ে মাত্র ২ দশমিক ৪ শতাংশ কম। আবার আঞ্চলিক পর্যায়ের এফডিআইয়ের প্রবাহ হ্রাসের প্রবণতা বিবেচনা করলেও এটাকে বেশ কমই বলা যায়। কারণ একই সময় দক্ষিণ এশিয়ায় এফডিআই কমার হার হলো ৪০ দশমিক ১ শতাংশ। তবে এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি ভারতে এই হার হচ্ছে ৪২ দশমিক ৮ শতাংশ।এ বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত বৈশ্বিক এফডিআইয়ের প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮০০ কোটি ডলার, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ছয় হাজার ১০০ কোটি ডলার বা ৮ শতাংশ কম।