বৈষম্যহীন শিল্পনীতি তৈরির আহ্বান
সব উদ্যোক্তার জন্য সমান সুযোগ রেখে ‘বৈষম্যহীন শিল্পনীতি’ প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের উদ্যোক্তারা। একই সঙ্গে শিল্পকারখানা স্থাপনে এক ছাদের নিচে সব সেবাও নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তাঁরা।
জাতীয় শিল্পনীতি-২০১৫-এর খসড়া চূড়ান্ত করার অংশ হিসেবে গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারে আয়োজিত এক মতবিনিময় সভায় উদ্যোক্তারা এসব আহ্বান জানান। চট্টগ্রাম চেম্বারের সহায়তায় সভাটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।
চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, সাবেক সভাপতি মির্জা আবু মনসুর, বিকেএমইএর সাবেক পরিচালক শওকত ওসমান, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য এম আবুল কাসেম মজুমদার প্রমুখ।
শিল্পসচিব বলেন, প্রস্তাবিত শিল্পনীতিতে সব উদ্যোক্তার জন্য বৈষম্যহীন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, উদ্যোক্তাদের মতামত ও পরামর্শ নিয়ে শিল্পনীতি চূড়ান্ত করা হবে।
চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, শিল্পকারখানার কাজে শিল্প মন্ত্রণালয়ে পাঁচ শতাংশও কাজ নেই। উদ্যোক্তাদের অন্তত আটটি মন্ত্রণালয়ের সঙ্গে এ কাজ করতে হয়। সে জন্য সব সেবা এক জায়গা থেকে সরবরাহ করা উচিত। এটি সমন্বয় করতে না পারলে শিল্পনীতি কার্যকর ভূমিকা রাখবে না।