বোতলজাত ভোজ্যতেলের দাম অযৌক্তিক, মন্ত্রণালয় নীরব

বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমে গেলে দেশের খোলা বাজারে তেলের দাম কিছুটা কমে। আবার বিশ্ববাজারে বাড়লে দেশের বাজারেও বাড়ে। তবে বোতলজাত সয়াবিন তেলের দামে নড়চড় দেখা যায় না। নিত্যপণ্যের বাজারদর পর্যবেক্ষণ করে প্রতি মাসেই বাণিজ্য মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দেয় ট্যারিফ কমিশনের তদারক সেল। গত কয়েকটি প্রতিবেদনে বোতলজাত তেল পরিশোধনকারীরা অযৌক্তিকভাবে মুনাফা করছে বলে উল্লেখ করে এ সেল বলেছে, এতে ঠকছেন ক্রেতারা। সে কারণেই এই তেলের মূল্য যৌক্তিক পর্যায়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।কিন্তু এ সুপারিশে কোনো সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।জানা গেছে, পর্যায়ক্রমে খোলা ভোজ্যতেল বাজার থেকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। এ লক্ষ্যে বেশ কয়েকটি সভাও হয়েছে। কিন্তু বোতলজাত তেলের দামের ওপর কার্যত কোনো নিয়ন্ত্রণই নেই মন্ত্রণালয়ের।পরিবেশক প্রথার আওতায় ভোজ্যতেলের দাম প্রথম নির্ধারণ করা হয় ২০১১ সালের ২০ জুলাই। এরপর থেকে সাত দফায় লিটারে ১৩ টাকা দাম বাড়ায় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু এর মধ্যে কেবল একবার দাম কমিয়েছিল প্রতিষ্ঠানগুলো।সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা অবশ্য দাবি করেছেন, তীর ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম ১০ থেকে ১২ দিন আগে লিটারে দুই টাকা করে কমানো হয়েছে। এখন এক লিটারের বোতল ১২৭ টাকা আর পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম ৬৩০ টাকা।তবে রাজধানীর দোকানগুলোতে এ দামে তীরের তেল পাওয়া যাচ্ছে না। পলাশী বাজারের আমীন স্টোরের কর্মচারী জুয়েল বলেন, ‘আজকেও (বৃহস্পতিবার) কোম্পানির লোক আইসা তেল দিয়া গেছে। এক লিটারের বোতলে গায়ের রেট ১৩৪ টাকা। আমরা এ দামেই বিক্রি করতাছি’।বাংলাদেশ এডিবল ওয়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খোলা তেলের দাম কমানো হয়েছে। কিন্তু বোতলজাত তেলের দাম কমানো হয়নি। এক লিটারের বোতল ১৩৪ এবং পাঁচ লিটারের তেল ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।ট্যারিফ কমিশনের হিসাবে, পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এক লিটারের বোতলজাত তেলে অন্তত নয় টাকা আর পাঁচ লিটারের বোতলে ৬০ থেকে ৭০ টাকা ক্রেতার কাছ থেকে বেশি নিচ্ছে।জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, বোতলজাত তেল নিয়ে একটি সভা হয়েছে। তাতে বোতলের দাম নিয়েও আলোচনাও হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ট্যারিফ কমিশন বোতলের যে দাম বলছে, সেটা আবার পরিশোধনকারীরা মানে না। এটা নিয়ে আবার সভা হবে।
এপ্রিল মাসে বন্দরে খালাসের অপেক্ষায় থাকা, ওই মাসের ঋণপত্র খোলা এবং সর্বশেষ সাত দিনের খালাস হওয়া সয়াবিন তেলের দর হিসাব করে ট্যারিফ কমিশন দেখেছে প্রতি লিটার সয়াবিন তেলের মিলগেট দর পড়ে ১০৬ টাকা।
পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, বোতল এবং এর আনুষঙ্গিক কাজে ব্যয় হয় এক লিটারের জন্য ১৫ টাকা আর পাঁচ লিটারের জন্য ৫০ টাকা। পরিশোধনকারীদের দাবি অনুযায়ী, এক লিটারের বোতলজাত তেলের দাম হওয়া উচিত ১২৫ টাকা। কিন্তু কোনো দোকানেই এক লিটারের বোতলজাত তেল ১৩৪ টাকার নিচে কেনা যাবে না।
আবার পরিশোধনকারীদের দাবি অনুযায়ীই, পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম হওয়া উচিত ৬০০ টাকা। অথচ, ক্রেতার কাছ থেকে এই তেলের দাম নেওয়া হচ্ছে ৬৬০ থেকে ৬৭০ টাকা। অর্থাৎ, পাঁচ কেজিতে ক্রেতার কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।
ট্যারিফ কমিশনের হিসাব করে দেখেছে, ১ লিটারের বোতলে সাত টাকা ১২ পয়সা ও পাঁচ লিটারের বোতলে ২৪ টাকা ৮৬ পয়সা খরচ পড়ে। সেই হিসেবে তেলের দাম দাঁড়ায় এক লিটার ১১৮ টাকা ও পাঁচ লিটার ৫৭৫ টাকা।
ট্যারিফ কমিশন গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য এ বছরে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর স্থানীয় বাজারে বোতলজাত তেলের মূল্যও বাড়ানো হয়েছিল। কিন্তু ইতিমধ্যে কয়েক দফা ভোজ্যতেলের দাম কমলেও বোতলজাত তেলের দাম কমানো হয়নি।
ট্যারিফ কমিশনের তদারক সেলের সদস্য মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে ৮ থেকে ৯ শতাংশ। মাঝখানে ২০ শতাংশের মতো কমেছিল। সে অনুপাতে খোলা সয়াবিন তেলের দামও ওঠানামা করেছে। কিন্তু বোতলজাত তেলের দাম শুধু বেড়েছেই, কমেনি। অন্যদিকে, গত এক বছরে বিশ্ববাজারে পাম তেলের দাম কমেছে ৪৪ শতাংশ। আর দেশের বাজারে কমেছে ৩০ শতাংশ।